অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সরবরাহে শঙ্কা

অস্ট্রেলিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার জিলং শহরের কোরিও এলাকায় অবস্থিত ভিভা এনার্জি পরিচালিত শোধনাগারটিতে এ ঘটনা ঘটে।

বিবিসি-এর এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার মধ্যরাতের কিছু আগে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় কর্মরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শোধনাগারটি ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ৫০ শতাংশ এবং জাতীয়ভাবে প্রায় ১০ শতাংশ জ্বালানি উৎপাদন করে থাকে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো আংশিকভাবে কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, এমন এক সময়ে এ ঘটনা ঘটেছে যখন বৈশ্বিক জ্বালানি বাজার আগে থেকেই চাপের মধ্যে রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে সরকার সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শোধনাগারটির প্রধান নির্বাহী স্কট ওয়ায়াট জানান, আগুনে দুটি পেট্রোল উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও অন্যান্য ইউনিট অক্ষত রয়েছে। নিরাপত্তার কারণে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয় মেয়র স্ট্রেচ কন্টেলজ ঘটনাটিকে ‘ভয়াবহ’ উল্লেখ করে বলেন, এটি অঞ্চলের জন্য বড় ধরনের ধাক্কা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রপাতির ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পূর্বের খবরতিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতায় জোর
পরবর্তি খবরজ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!