চীনা গুপ্তচর, এনভিডিয়ার প্রধান ও মার্কো রুবিওর হাতে পৌঁছানো গোপন নথি

 

ভিনিউজ ডেস্ক : বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনের এক নারী গুপ্তচরের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন গোয়েন্দাদের সংগৃহীত গোপন তথ্যের ভিত্তিতে ২০২৫ সালে একটি বিশেষ স্মারকলিপি তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর তত্ত্বাবধানে তৈরি ওই নথি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মারকলিপিটি তৈরি করা হয়েছিল ইলেকট্রনিক নজরদারির মাধ্যমে সংগৃহীত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। এতে অ্যালিস হুয়াং নামের এক চীনা নাগরিকের কথা উল্লেখ করা হয়। তিনি সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন গোয়েন্দাদের ধারণা, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (এমএসএস) তাঁকে জেনসেন হুয়াংয়ের বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিল। তবে তাঁদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।

গোয়েন্দা কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এই সম্পর্ক বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিকে লক্ষ্য করে পরিচালিত চীনের একটি গোয়েন্দা তৎপরতার অংশ হতে পারে।

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরে চীনে উন্নত এআই চিপ রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধের বিরোধিতা করে আসছেন। তাঁর বক্তব্য, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চীনের বাজারে প্রতিযোগিতা করার সুযোগ থাকা উচিত। ফলে তাঁর সঙ্গে চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন যোগাযোগের বিষয়টি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মে মাসে ট্রাম্পের চীন সফরের আগে উচ্চপর্যায়ের নিরাপত্তা ছাড়পত্র থাকা প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে স্মারকলিপিটি বিতরণ করা হয়েছিল। এর আগে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের যোগাযোগের বিষয়ে মার্কিন গোয়েন্দা নজরদারির তথ্য ট্রাম্পকে জানানো হয়েছিল।

চীন সফরের জন্য ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের যেসব শীর্ষ কর্মকর্তাকে ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানানোর কথা ছিল, তাঁদের প্রাথমিক তালিকায় জেনসেন হুয়াংয়ের নাম ছিল না। তবে এর পেছনে গোয়েন্দা উদ্বেগ কাজ করেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে সংবাদমাধ্যমে তাঁর নাম বাদ পড়ার খবর দেখে ট্রাম্প তাঁকে সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ জানান। আলাস্কায় যাত্রাবিরতির সময় এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে যোগ দেন এনভিডিয়া প্রধান। এরপর তাঁরা চীনের উদ্দেশে রওনা হন।

রোববার এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, জেনসেন হুয়াংকে সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। এনভিডিয়ার প্রধান নির্বাহী হিসেবে তাঁকে বহাল রাখার পক্ষেও মত দেন তিনি। হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিজের স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং। তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। এর কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত।’

এনভিডিয়া জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য বেহাত হয়েছে—এমন বিশ্বাস করার মতো কোনো কারণ তাদের কাছে নেই।

এদিকে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিড ২০২৪ সাল থেকে কয়েক বিলিয়ন ডলারের উন্নত এনভিডিয়া এআই চিপ কেনা শুরু করে। ওই সময়ের কাছাকাছি তাইপেতে একটি অনুষ্ঠানে জেনসেন ও অ্যালিস হুয়াংকে একসঙ্গে দেখা গিয়েছিল। মেগাস্পিড প্রায় ২০০ কোটি ডলারের এনভিডিয়া পণ্য কিনেছে। প্রতিষ্ঠানটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় তথ্যকেন্দ্র নির্মাণ করে এবং চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবাকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, এই ব্যবস্থার মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার চিপ পরোক্ষভাবে চীনে পৌঁছেছে।

এ ছাড়া এআই চিপ শিল্পের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও অ্যালিস হুয়াংয়ের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার সংযোজনকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও রয়েছেন।

অন্যদিকে ওয়াশিংটনে চীনা দূতাবাস এসব গোয়েন্দা তথ্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চীনকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তবে অ্যালিস হুয়াং এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি।

-এনডিটিভি

পূর্বের খবরSix 100-bed hospitals in industrial areas: PM
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!