বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার (১৭ এপ্রিল) থেকে থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তারা অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড শুক্র ও শনিবার (১৮ এপ্রিল) বেলা ৩টার দিকে সাক্ষাৎকার গ্রহণ করবে।’
তিনি বলেন, ‘মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।’
তিনি আরও বলেন, ‘শুক্রবার, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।’




