জয়ন্ত আচার্য
সিনিয়র সাংবাদিক – গবেষক
ভিনিউজ সম্পাদকীয়
জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়; এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অস্তিত্বগত সংকটগুলোর একটি। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভয়াবহ বন্যা, খরা, দাবানল ও প্রাণঘাতী তাপ প্রবাহ মানুষের জীবন, অর্থনীতি ও প্রকৃতিকে ক্রমেই বিপর্যস্ত করছে। এই সংকট মোকাবিলায় বিশ্বের প্রায় সব দেশকে একই আলোচনার টেবিলে নিয়ে এসেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন, যা কপ (COP) নামে পরিচিত। কিন্তু তিন দশকের বেশি সময় ধরে আলোচনা, প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক চুক্তির পরও প্রশ্ন উঠছে বিশ্বকে উষ্ণায়নের বিপদ থেকে রক্ষায় এই সম্মেলন কতটা কার্যকর? নাকি জলবায়ু রক্ষার অঙ্গীকারের আড়ালে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনৈতিক স্বার্থই বারবার প্রাধান্য পাচ্ছে?
কপের পূর্ণরূপ কনফারেন্স অব দ্য পার্টিজ। এটি জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ বা ইউএনএফসিসিসির সদস্যপক্ষগুলোর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বার্ষিক সম্মেলন। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ধরিত্রী সম্মেলনে এই সনদ গৃহীত হয়। ১৯৯৪ সালে এটি কার্যকর হওয়ার পর ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয় প্রথম কপ সম্মেলন। বর্তমানে এই কাঠামো সনদের সদস্যপক্ষ ১৯৮টিট রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। সম্মেলনে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিজ্ঞানী, গবেষক, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসায়ী, পরিবেশ আন্দোলনের কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সদস্যপক্ষগুলোর।

বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ মানুষের কর্মকাণ্ড। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড ও মিথেন জমা হচ্ছে। বন উজাড়, শিল্পকারখানা, পরিবহন ও কৃষি খাতের নিঃসরণও পরিস্থিতিকে ভয়াবহ করে তুলছে। এসব গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য নষ্ট করছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি) স্পষ্টভাবে জানিয়েছে, মানুষের কর্মকাণ্ডই বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ।
বিশ্ব আবহাওয়া সংস্থার ২০২৫ সালের জলবায়ু প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১১ বছরই ছিল পর্যবেক্ষণের ইতিহাসে সবচেয়ে উষ্ণ। ২০২৫ সালে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১.৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২০২৪ সালে এই ব্যবধান ছিল প্রায় ১.৫৫ ডিগ্রি। ২০২৫ সালে সমুদ্রের তাপ ধারণের পরিমাণও রেকর্ড পর্যায়ে পৌঁছায়। তবে কোনো একটি বছরে তাপমাত্রা ১.৫ ডিগ্রি অতিক্রম করা এবং দীর্ঘমেয়াদি গড় তাপমাত্রায় প্যারিস চুক্তির সীমা অতিক্রম করা এক বিষয় নয়। তবে এই প্রবণতা ভবিষ্যৎ বিপদের স্পষ্ট সংকেত।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির ২০২৫ সালের নির্গমন ব্যবধান বিষয়ক প্রতিবেদন আরও উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। এতে বলা হয়েছে, বর্তমান নীতিমালা অব্যাহত থাকলে এই শতাব্দীতে পৃথিবীর তাপমাত্রা প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দেশগুলোর ঘোষিত জলবায়ু প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হলেও উষ্ণায়ন ২.৩ থেকে ২.৫ ডিগ্রির মধ্যে থাকার আশঙ্কা রয়েছে। অর্থাৎ প্যারিস চুক্তির ১.৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা অর্জনের পথ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
এর পরিণতি সবচেয়ে ভয়াবহ হবে দরিদ্র ও উপকূলীয় দেশগুলোর জন্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, কৃষি উৎপাদন হ্রাস, সুপেয় পানির সংকট, জীববৈচিত্র্য ধ্বংস এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি বাড়বে। বাংলাদেশ, মালদ্বীপ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো বিশেষ ঝুঁকিতে রয়েছে। অথচ ঐতিহাসিকভাবে শিল্পোন্নত দেশগুলোই অধিকাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী। এখানেই জলবায়ু আলোচনার অন্যতম বড় রাজনৈতিক প্রশ্ন, যারা সংকট তৈরিতে বেশি ভূমিকা রেখেছে, ক্ষতি মোকাবিলার দায়িত্বও কি তাদের বেশি হওয়া উচিত নয়?
কপ সম্মেলনের অর্থায়ন নিয়ে এই বিরোধ দীর্ঘদিনের। সম্মেলন আয়োজনের ব্যয় বহন করে আয়োজক দেশ ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা। অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলার অর্থ আসে উন্নত দেশগুলোর সরকারি অনুদান, দ্বিপক্ষীয় সহায়তা, বিশ্বব্যাংক ও আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি এবং বেসরকারি বিনিয়োগ থেকে। এর সবটাই অনুদান নয়; কিছু অর্থ ঋণ ও বিনিয়োগ হিসেবে আসে। ফলে ঋণের বোঝা বাড়িয়ে জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

২০২৪ সালের কপ২৯ সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারি ও বেসরকারি সব উৎস মিলিয়ে বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন জোগাড়ের আহ্বান জানানো হয়। কিন্তু অর্থের উৎস, বণ্টন, অনুদান ও ঋণের অনুপাত এবং বাস্তবে কতটা অর্থ ক্ষতিগ্রস্ত দেশগুলোর হাতে পৌঁছাবে-এসব প্রশ্ন এখনো অমীমাংসিত।
কপ সম্মেলনের ইতিহাসে অবশ্য গুরুত্বপূর্ণ অর্জনও রয়েছে। ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকলে উন্নত দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বাধ্যবাধকতা নির্ধারিত হয়। ২০১৫ সালের প্যারিস চুক্তি আরও বড় অগ্রগতি। এতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং ১.৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার চেষ্টা চালানোর অঙ্গীকার করা হয়। ২০২২ সালের কপ২৭-এ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় তহবিল প্রতিষ্ঠার সিদ্ধান্ত এবং ২০২৩ সালের কপ২৮-এ জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বৈশ্বিক আহ্বানও উল্লেখযোগ্য অগ্রগতি।
তবে আন্তর্জাতিক চুক্তি আর বাস্তবায়নের মধ্যে ব্যবধান থেকেই গেছে। কপের সিদ্ধান্ত সাধারণত ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়। ফলে তেল, গ্যাস ও কয়লানির্ভর অর্থনীতির দেশগুলোর আপত্তি, উন্নত ও উন্নয়নশীল দেশের স্বার্থের সংঘাত এবং জলবায়ু অর্থায়নের দায়িত্ব নিয়ে বিরোধ প্রায়ই আলোচনাকে বাধাগ্রস্ত করে।
এর সর্বশেষ উদাহরণ ২০২৬ সালের কপ৩১। ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া এই সম্মেলন নির্ধারিত সময় পেরিয়ে ২২ নভেম্বর শেষ হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট অঙ্গীকার এবং জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে সম্মেলনের মূল রাজনৈতিক ঘোষণাপত্র বা ‘আন্তালিয়া প্যাক্ট’ গৃহীত হয়নি। ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তাদের অভিযোগ, জলবায়ু সংকটের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি হলেও চূড়ান্ত প্রস্তাবে তা থেকে সরে আসার কোনো স্পষ্ট প্রতিশ্রুতি ছিল না। মার্শাল দ্বীপপুঞ্জসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোও প্রস্তাবের বিরোধিতা করে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়নের প্রশ্নে উন্নত দেশগুলো যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কপ৩১ সম্মেলনে মূল রাজনৈতিক সমঝোতা না হলেও ৪৬টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ন্যায্য জ্বালানি রূপান্তর বিষয়ক কর্মসূচি অব্যাহত রাখা, জলবায়ু অভিযোজনের নির্দেশক বাস্তবায়ন, অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে অগ্রগতি হয়েছে। প্রায় ১০০টি দেশ ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার উদ্যোগকে সমর্থন করেছে। তবে এগুলো মূল রাজনৈতিক ঘোষণাপত্রের বিকল্প নয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্মেলনের ফলাফলকে গভীর হতাশাজনক বলে অভিহিত করেছেন।
এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ কপ৩১-এর রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলেও আগের প্যারিস চুক্তি বা অন্যান্য গৃহীত সিদ্ধান্ত বাতিল হয়ে যায়নি। অর্থাৎ জলবায়ু মোকাবিলার আন্তর্জাতিক কাঠামো বহাল রয়েছে। কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার প্রশ্নে ঐকমত্য না হওয়া প্রমাণ করে, বৈজ্ঞানিক সতর্কবার্তার তুলনায় রাজনৈতিক সদিচ্ছা এখনো অনেক পিছিয়ে।
কপ৩১ সম্মলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতিনিধিত্ব করে । কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নের প্রশ্নে পাঁচ দফা দাবি তুলে ধরে। জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ঋণের পরিবর্তে অনুদান, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের আহ্বান জানান তিনি।পাশাপাশি ২৫ কোটি গাছ লাগানো, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের পরিকল্পনাও তুলে ধরেন । সম্মেলনে বাংলাদেশ প্রায় ১ হাজার ৫৫ কোটি টাকার জলবায়ু সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। এর মধ্যে গ্লোবাল শিল্ড ও ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের অনুদান রয়েছে।
বাংলাদেশের জন্য এই পরিস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলকভাবে কম দায়ী হয়েও বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙন দেশের খাদ্যনিরাপত্তা, কৃষি, জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে। তাই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত প্রতিশ্রুত অর্থের বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি তহবিল থেকে সহজে সহায়তা পাওয়া, উপকূলীয় বাঁধ ও অবকাঠামো সুরক্ষা, জলবায়ু সহনশীল কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি। একই সঙ্গে জলবায়ু অর্থায়নের নামে নতুন ঋণের বোঝা যাতে তৈরি না হয়, সে বিষয়েও বাংলাদেশের কূটনৈতিক অবস্থান জোরালো হওয়া প্রয়োজন।
তবে কপ সম্মেলন ব্যর্থতার মধ্যেও বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় কূটনৈতিক মঞ্চ। এই সম্মেলন আন্তর্জাতিক সহযোগিতার পথ তৈরি করেছে, বৈজ্ঞানিক বাস্তবতাকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এনেছে এবং দেশগুলোকে নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির আওতায় এনেছে। কিন্তু প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। প্রয়োজন জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমানো, কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং উন্নত দেশগুলোর আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করা। আন্তালিয়ার সম্মেলন আবারও দেখিয়ে দিল, জলবায়ু সংকটের সমাধান শুধু বিজ্ঞান বা প্রযুক্তির হাতে নেই; এর জন্য প্রয়োজন রাজনৈতিক সাহস, আন্তর্জাতিক ন্যায়বিচার এবং বাস্তব পদক্ষেপ। পৃথিবীকে বাঁচানোর সময় দ্রুত ফুরিয়ে আসছে।
তথ্যসূত্র : জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা (UNFCCC), আইপিসিসি, বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO), জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP), রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (AP) এবং কার্বন ব্রিফের ২০২৬ সালের প্রতিবেদন




