নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ, এক পর্দায় ফওয়াদ-মাহিরা-হানিয়া

 

ভিনিউজ ডেস্ক :বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে প্রথম পাকিস্তানি ওয়েব সিরিজ। ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ নামের এই সিরিজ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৪ ডিসেম্বর থেকে সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাবে বলে জানা গেছে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একঝাঁক তারকাকে একসঙ্গে দেখা যাবে এই আয়োজনে। তাঁদের মধ্যে রয়েছেন ফওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, অহদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী।

জনপ্রিয় লেখক ফরহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন মোমিনা দুরেইদ। প্রেম, পারিবারিক সম্পর্কের জটিলতা, বিচ্ছেদ এবং মানসিক ক্ষত কাটিয়ে ওঠার সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এর গল্প। সিরিজের কাহিনিতে উঠে আসবে মানুষের আবেগ, ভালোবাসা এবং জীবনের নানা টানাপোড়েন।

গল্পের কেন্দ্রীয় চরিত্র সিকন্দর শেখরিয়া। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের এই শিক্ষার্থী মানসিক আঘাতের সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে লিজা একজন প্রতিভাবান শিল্পী, যার জীবনেও রয়েছে অতীতের নানা জটিলতা। ইতালির মনোরম পরিবেশে দুজনের পরিচয় হয়। এরপর তাঁদের জীবনে শুরু হয় প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সংঘাত এবং নানা আবেগঘন পরিস্থিতি। তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্পের মধ্য দিয়ে ভালোবাসার গভীরতা ও মানুষের হৃদয়ে জমে থাকা অনুভূতির নানা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করে নেটফ্লিক্স লিখেছে, ‘তিন প্রজন্ম, ছয়টি প্রেমের গল্প এবং একটি প্রশ্ন-আমাদের হৃদয়ে যে ভালোবাসা জমা থাকে, তা কি যথেষ্ট?’ পোস্টারে সিরিজটির ইংরেজি ট্যাগলাইন রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।

এই সিরিজের অন্যতম আকর্ষণ ফওয়াদ খান, মাহিরা খান ও সনম সঈদের একসঙ্গে উপস্থিতি। এর আগে জনপ্রিয় পাকিস্তানি ধারাবাহিক ‘জিন্দেগি গুলজার হ্যায়’-এ ফওয়াদ ও সনমকে জুটি হিসেবে দেখা গিয়েছিল। পরে ‘বরজখ’ সিরিজেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা। অন্যদিকে ‘হামসফর’ ধারাবাহিক ও ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ ছবিতে ফওয়াদ ও মাহিরার জুটি দর্শকদের প্রশংসা পেয়েছে।

বলিউডেও কাজ করেছেন ফওয়াদ। ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয়ের সুবাদে ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত তিনি। মাহিরাও শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

 

পূর্বের খবরশীতের শুরুতেই ত্বক ফেটে যাচ্ছে? দামি ক্রিম নয়, ৫ খাবারেই ফিরতে পারে স্বাভাবিক জেল্লা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!