প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আগের তুলনায় এই বাজেট এখন প্রায় পাঁচ গুণ কমানো হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান জানান, সম্প্রতি নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেন্যু ছিল সাদামাটা—ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিমের পদ, ডাল ও দই।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখন দুপুরের খাবার ও বিকালের নাস্তা মিলিয়ে একজনের জন্য মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা, যা আগে এর তুলনায় অনেক বেশি ছিল।
সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




