প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও ইউনিফর্ম দেবে সরকার: মাহদী আমিন

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে প্রাথমিক স্তরের শিশুদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই ব্যাগ ও পোশাক বিতরণ করা হবে।

মাহদী আমিন বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে উৎসাহিত করা এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সমতার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি ন্যায্য সমাজ গড়ে তোলার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর মধ্যে পাটের ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে।

এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো। পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে তোলার পাশাপাশি প্লাস্টিক নির্ভরতা কমানোর বার্তা দেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই কর্মসূচির মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবহার যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও সচেতনতার ভিত্তিও শক্তিশালী হবে।

পূর্বের খবরপ্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবারের বাজেট কমল পাঁচ গুণ