আমাজনের গভীর অরণ্য থেকে আন্দামানের দ্বীপ: আধুনিক সভ্যতার বাইরেও টিকে আছে যে বিচ্ছিন্ন আদিম জনগোষ্ঠী, অস্তিত্বের সংকটে তারা

 

 

জয়ন্ত আচার্য

সিনিয়র সাংবাদিক -গবেষক

 

বিশেষ গবেষণাধর্মী প্রতিবেদন

ভিনিউজ : পৃথিবীর এক প্রান্তে যখন মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অভিযান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির মধ্য দিয়ে ভবিষ্যতের পৃথিবী নির্মাণে ব্যস্ত, তখনো অন্য প্রান্তে এমন কিছু জনগোষ্ঠী রয়েছে, যাদের জীবনযাপন আধুনিক সভ্যতার সঙ্গে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। নেই বিদ্যুৎ, ইন্টারনেট, আধুনিক চিকিৎসা কিংবা শহুরে জীবনের পরিচিত সুযোগ-সুবিধা। শিকার, মাছ ধরা, ফলমূল সংগ্রহ এবং বনজ সম্পদের ওপর নির্ভর করেই চলে তাদের জীবন।

দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়ার দুর্গম বনাঞ্চল কিংবা ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জ-পৃথিবীর কয়েকটি বিচ্ছিন্ন অঞ্চলে এখনো এমন মানুষের বসবাস রয়েছে। নৃতাত্ত্বিক গবেষণায় তাদের বলা হয় স্বেচ্ছা-বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী। তাদের অনেকেই বাইরের পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে জানে, কিন্তু নিজেদের নিরাপত্তা, সংস্কৃতি ও স্বাধীনতা রক্ষার জন্য অন্য মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে।

এটি সভ্যতার বিকাশ সম্পর্কে অজ্ঞতা কিংবা উন্নয়নের পথে পিছিয়ে থাকার প্রমাণ নয়। বরং বহিরাগতদের হাতে সহিংসতা, ভূমি দখল, শোষণ ও প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার দীর্ঘ ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে নিজেদের রক্ষার একটি সচেতন সিদ্ধান্ত।

ব্রাজিলের আমাজন অরণ্যে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্যের লোকালয়ের কাছে খাবারের সন্ধানে এগিয়ে আসার সাম্প্রতিক ঘটনা তাই কেবল একটি বিরল দৃশ্য নয়। এটি পৃথিবীর শেষ দিককার বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলোর জীবন, নিরাপত্তা ও অস্তিত্বের সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

পৃথিবীতে কত বিচ্ছিন্ন জনগোষ্ঠী, কোথায় তাদের বসবাস?

আমাজনকে শুধু পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় বৃষ্টিবন হিসেবে দেখলে এর প্রকৃত পরিচয় বোঝা যাবে না। এটি একই সঙ্গে মানবসভ্যতার প্রাচীন ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও প্রকৃতিনির্ভর জীবনব্যবস্থার এক বিশাল ভান্ডার। আমাজন অঞ্চলে বসবাসকারী সব আদিবাসী অবশ্য বিচ্ছিন্ন নয়। অনেক জনগোষ্ঠীর সঙ্গে রাষ্ট্র, শহর ও বাইরের সমাজের নিয়মিত যোগাযোগ রয়েছে। আবার কিছু জনগোষ্ঠী এখনো স্বেচ্ছায় বাইরের মানুষের সঙ্গে স্থায়ী যোগাযোগ এড়িয়ে চলছে।

২০২১ সালে প্রকাশিত সায়েন্স প্যানেল ফর দ্য অ্যামাজনের মূল্যায়নে বৃহত্তর আমাজন অঞ্চলে ৪১০টির বেশি আদিবাসী জনগোষ্ঠী এবং প্রায় ৩০০টি আদিবাসী ভাষার কথা উল্লেখ করা হয়েছিল। সে সময় অঞ্চলটির প্রায় ৪ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে আদিবাসীর সংখ্যা আনুমানিক ২২ লাখ বলে হিসাব করা হয়। ওই মূল্যায়নে প্রায় ৮০টি জনগোষ্ঠীর স্বেচ্ছা-বিচ্ছিন্ন অবস্থায় থাকার তথ্য উঠে আসে।

অন্যদিকে, ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় আমাজন অঞ্চলে ৫১১টি স্বতন্ত্র আদিবাসী জনগোষ্ঠী এবং অন্তত ৩৩৫টি ভাষার কথা বলা হয়েছে। গবেষণার ভৌগোলিক সীমানা, জনগোষ্ঠী শনাক্ত করার পদ্ধতি এবং তথ্য সংগ্রহের সময়ের পার্থক্যের কারণে এসব সংখ্যায় ভিন্নতা রয়েছে। তাই আমাজনে ঠিক কতটি স্বতন্ত্র আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তার একটি সর্বজনস্বীকৃত চূড়ান্ত হিসাব এখনো নেই।

তবে সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগোষ্ঠী সম্পর্কে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক হিসাব দিয়েছে ব্রিটেনভিত্তিক আদিবাসীদের অধিকারবিষয়ক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত তাদের গবেষণা ‘Uncontacted Indigenous Peoples: At the Edge of Survival’ অনুযায়ী, পৃথিবীর ১০টি দেশে অন্তত ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর ৯৫ শতাংশের বেশি আমাজন অঞ্চলে। শুধু ব্রাজিলেই রয়েছে ১২৪টি। বাকি জনগোষ্ঠীগুলোর অবস্থান দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ, ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া ও পশ্চিম পাপুয়ায়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, ১৯৬টি জনগোষ্ঠী মানেই ১৯৬টি সম্পূর্ণ স্বতন্ত্র জাতি নয়। কোনো কোনো ক্ষেত্রে একটি বৃহত্তর আদিবাসী জাতির কয়েকটি উপগোষ্ঠী বাইরের মানুষের সঙ্গে স্থায়ী যোগাযোগ না রেখে বসবাস করছে। গবেষণায় জনগোষ্ঠী বলতে বৃহত্তর জাতি এবং তাদের বিচ্ছিন্ন শাখা—দুই ধরনের পরিচয়ই অন্তর্ভুক্ত হয়েছে।

জাতিসংঘের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলেছে, স্বেচ্ছা-বিচ্ছিন্ন ও প্রাথমিক যোগাযোগের পর্যায়ে থাকা প্রায় ২০০টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভারত, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, পেরু ও ভেনেজুয়েলায়। অর্থাৎ এই জনগোষ্ঠীগুলোর অস্তিত্ব কোনো একটি মহাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়।

কীভাবে বেঁচে থাকে এসব জনগোষ্ঠী?

বিচ্ছিন্ন আদিবাসীদের জীবন মূলত বন, নদী, পাহাড় ও ঋতুচক্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাদের খাদ্যের প্রধান উৎস শিকার, মাছ ধরা, ফলমূল, শিকড়, মধু, বাদাম এবং অন্যান্য বনজ সম্পদ। কোনো কোনো জনগোষ্ঠী ছোট পরিসরে কৃষিকাজও করে। বন পরিষ্কার করে সীমিত জায়গায় কলা, কাসাভা বা ম্যানিওক, মিষ্টি আলু এবং অন্যান্য ফসল উৎপাদন করে। নির্দিষ্ট সময় পর জমির উর্বরতা ও প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে তারা অন্য জায়গায় চাষ শুরু করে। এ পদ্ধতিকে স্থানান্তরিত বা ঘূর্ণায়মান কৃষি বলা হয়।

শিকারের ক্ষেত্রে তারা ধনুক, তির, বর্শা ও অন্যান্য ঐতিহ্যবাহী অস্ত্র ব্যবহার করে। মাছ ধরতে কাজে লাগে জাল, বর্শা কিংবা স্থানীয়ভাবে তৈরি সরঞ্জাম। নদী ও জলাভূমি তাদের খাদ্যের অন্যতম উৎস। কোনো কোনো জনগোষ্ঠী মৌসুমি বন্যা ও নদীর পানির উচ্চতা অনুযায়ী বসবাসের স্থান পরিবর্তন করে।

২০২৫ সালের ২৬ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত ‘Healthy Forests Safeguard Traditional Wild Meat Food Systems in Amazonia’ শীর্ষক গবেষণায় আমাজনের আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্যব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ৬২৫টি গ্রামীণ এলাকার ৪ লাখ ৪৭ হাজার ৪৩৮টি শিকারের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা হিসাব করেছেন, আমাজনে প্রতিবছর প্রায় ৩ লাখ ৪০ হাজার টন ভক্ষণযোগ্য বন্য প্রাণীর মাংস উৎপাদিত হয়। এ খাবার গ্রামীণ জনগোষ্ঠীর প্রোটিন ও আয়রনের চাহিদার প্রায় অর্ধেক পূরণ করতে পারে।

গবেষণায় আরও দেখা গেছে, ব্যাপক বন উজাড় হওয়া প্রায় পাঁচ লাখ বর্গকিলোমিটার এলাকায় বন্য প্রাণী শিকারের উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থাৎ বন ধ্বংস শুধু গাছপালা ও বন্য প্রাণীর ক্ষতি করছে না, প্রকৃতিনির্ভর মানুষের খাদ্যনিরাপত্তাকেও সরাসরি বিপন্ন করছে।

বসবাসের জন্য এসব জনগোষ্ঠী সাধারণত কাঠ, বাঁশ, পাতা ও লতাপাতা দিয়ে ঘর তৈরি করে। কোথাও একটি পরিবার বা কয়েকটি পরিবার মিলে ছোট বসতি গড়ে তোলে, আবার কোথাও শিকার ও খাদ্য সংগ্রহের প্রয়োজন অনুযায়ী অস্থায়ী শিবির তৈরি করে। তাদের সামাজিক জীবনে পরিবার, আত্মীয়তা, পারস্পরিক সহযোগিতা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসব জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, বিশ্বাস, চিকিৎসাপদ্ধতি, শিকারসংক্রান্ত জ্ঞান এবং প্রকৃতি সম্পর্কে গভীর অভিজ্ঞতা রয়েছে। বনজ উদ্ভিদ দিয়ে ওষুধ তৈরি, কোন মৌসুমে কোন ফল পাওয়া যায়, কোন প্রাণীর আচরণ কেমন—এমন বহু জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে সংরক্ষিত হয়ে আসছে। তাদের কাছে বন শুধু বসবাসের জায়গা নয়; খাদ্য, চিকিৎসা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও নিজস্ব পরিচয়ের ভিত্তি।

 

আমাজনের বাইরে কোথায় রয়েছে বিচ্ছিন্ন জনগোষ্ঠী?

আমাজনেই পৃথিবীর বিচ্ছিন্ন আদিবাসীদের সবচেয়ে বড় অংশের বসবাস। তবে বিশ্বের আরও কয়েকটি অঞ্চলে এমন জনগোষ্ঠী রয়েছে, যারা আধুনিক রাষ্ট্রব্যবস্থা ও বাইরের সমাজের সঙ্গে যোগাযোগ সীমিত রেখেছে।

১. সেন্টিনেলিজ, ভারত

বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপে বসবাস করে সেন্টিনেলিজ জনগোষ্ঠী। বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ প্রত্যাখ্যান করার জন্য তারা বিশেষভাবে পরিচিত। শিকার, মাছ ধরা ও বনজ ফলমূল সংগ্রহ তাদের জীবিকার প্রধান উপায়। দ্বীপের উপকূলীয় পানিতে মাছ ধরে এবং বনে বন্য শূকরসহ বিভিন্ন প্রাণী শিকার করে তারা জীবনধারণ করে।

তাদের প্রকৃত জনসংখ্যা জানা যায়নি। দূর থেকে পর্যবেক্ষণ এবং সীমিত তথ্যের ভিত্তিতে বিভিন্ন সময় জনসংখ্যার অনুমান করা হলেও নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ হিসাব নেই। ভারত সরকার উত্তর সেন্টিনেল দ্বীপকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে। দ্বীপ ও এর চারপাশের পাঁচ কিলোমিটার সমুদ্রসীমায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। এর উদ্দেশ্য সেন্টিনেলিজদের জীবনযাত্রা, স্বাস্থ্য ও স্বাধীনতা সুরক্ষিত রাখা।

২. পশ্চিম পাপুয়া, ইন্দোনেশিয়া

নিউগিনি দ্বীপের পশ্চিমাংশে, ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত পশ্চিম পাপুয়া অঞ্চলে বহু স্বতন্ত্র আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। তাদের কেউ কৃষিকাজ করে, কেউ শিকার ও মাছ ধরে, আবার কোনো কোনো জনগোষ্ঠীর প্রধান খাদ্য সাগু গাছের শাঁস। শূকর তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ অঞ্চলের সব জনগোষ্ঠী বিচ্ছিন্ন নয়। তবে কিছু গোষ্ঠী এখনো বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে। বন উজাড়, খনিজ সম্পদ আহরণ, সামরিক তৎপরতা এবং ভূমি দখল তাদের জীবন ও আবাসস্থলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

৩. হংগানা মানিয়াওয়া, ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলের হালমাহেরা দ্বীপে হংগানা মানিয়াওয়া জনগোষ্ঠীর বসবাস। তাদের কিছু সদস্য বাইরের সমাজের সঙ্গে যোগাযোগ রাখলেও একটি অংশ এখনো বিচ্ছিন্ন জীবনযাপন করে। বনজ ফলমূল সংগ্রহ, শিকার এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর তারা নির্ভরশীল। দ্বীপটিতে নিকেল খনির বিস্তার তাদের বনভূমি ও জীবনযাত্রাকে বিপন্ন করছে। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে প্রয়োজনীয় নিকেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে এই অঞ্চলে খনি ও শিল্পকারখানার চাপ বেড়েছে। উন্নয়নের নামে বনভূমি সংকুচিত হলে এসব জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবনব্যবস্থাও হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

৪. মাশকো পিরো, পেরু

পেরুর আমাজন অঞ্চলের অন্যতম পরিচিত বিচ্ছিন্ন জনগোষ্ঠী মাশকো পিরো। তারা শিকার, মাছ ধরা এবং বনজ ফলমূল সংগ্রহ করে বেঁচে থাকে। নদীর পানির স্তর ও ঋতু অনুযায়ী তাদের চলাচল পরিবর্তিত হয়। ২০২৪ সালে রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাদের নদীর তীরে বেরিয়ে আসার ছবি প্রকাশিত হয়। খাদ্য ও অন্যান্য প্রয়োজনের সন্ধানে তাদের এমন উপস্থিতি উদ্বেগ সৃষ্টি করে। তাদের বসবাসের কাছাকাছি এলাকায় কাঠ ব্যবসায়ীদের প্রবেশ, বনভূমি দখল এবং সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে আদিবাসী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন।

৫. আয়োরিও ততোবিয়েগোসোদে, বলিভিয়া ও প্যারাগুয়ে

দক্ষিণ আমেরিকার গ্রান চাকো অঞ্চলের শুষ্ক বনাঞ্চলে আয়োরিও জনগোষ্ঠীর বসবাস। তাদের বিচ্ছিন্ন একটি অংশ ততোবিয়েগোসোদে নামে পরিচিত। তারা শিকার, বুনো ফলমূল ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল। জনগোষ্ঠীর একটি অংশের সঙ্গে বাইরের মানুষের যোগাযোগ হয়েছে, কিন্তু কিছু পরিবার এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন রয়েছে। বনভূমি পরিষ্কার করে গবাদিপশুর খামার তৈরি, কৃষিজমি সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ আহরণের কারণে তাদের ঐতিহ্যবাহী আবাসস্থল ক্রমেই সংকুচিত হচ্ছে। ফলে নিজেদের পরিচিত পরিবেশে স্বাধীনভাবে জীবনধারণ করা কঠিন হয়ে পড়ছে।

ইউরোপীয় উপনিবেশের আগ্রাসনে আমেরিকার আদিবাসীদের জনসংখ্যাগত বিপর্যয়

পঞ্চদশ শতকের শেষভাগে ইউরোপীয়দের আগমনের আগে উত্তর ও দক্ষিণ আমেরিকা ছিল বহু বৈচিত্র্যময় আদিবাসী জনগোষ্ঠী ও সভ্যতার আবাসভূমি। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস ক্যারিবীয় অঞ্চলে পৌঁছানোর পর স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের উপনিবেশ স্থাপনের মধ্য দিয়ে দুই মহাদেশের আদিবাসীদের জীবনে ভয়াবহ বিপর্যয় নেমে আসে। তবে ইউরোপীয়দের আগমনের আগে আমেরিকার আদিবাসীরা সবাই বিচ্ছিন্ন, ক্ষুদ্র বা তথাকথিত আদিম গোষ্ঠীতে বসবাস করত-এমন ধারণা ঐতিহাসিকভাবে ভুল। মায়া ও অ্যাজটেকদের নগরসভ্যতা, দক্ষিণ আমেরিকার ইনকা সাম্রাজ্যের সড়ক, সেতু, সেচ ও কৃষিব্যবস্থা এবং উত্তর আমেরিকার কাহোকিয়া ও পুয়েবলো জনগোষ্ঠীর পরিকল্পিত বসতি উন্নত সামাজিক সংগঠন ও জ্ঞানচর্চার পরিচয় বহন করে। একই সঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে শিকারি-সংগ্রাহক, কৃষিজীবী ও ছোট ছোট গোষ্ঠীভিত্তিক সমাজও ছিল।

ইউরোপীয় উপনিবেশ বিস্তারের পর আদিবাসীদের বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে গুটিবসন্ত, হাম ও ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগ। এসব রোগের বিরুদ্ধে স্থানীয় জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় বিপুলসংখ্যক মানুষ মারা যায়। এর সঙ্গে যুক্ত হয় সামরিক অভিযান, গণহত্যা, ভূমি দখল, জোরপূর্বক শ্রমে নিয়োগ, দাসত্ব এবং নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতির ওপর দমন-পীড়ন। ফলে কয়েক শতকের মধ্যে আমেরিকার আদিবাসী জনসংখ্যা ভয়াবহভাবে কমে যায়।

১৪৯২ সালে দুই আমেরিকায় আদিবাসীর মোট জনসংখ্যা কত ছিল, তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। ২০১৯ সালের একটি বহুল আলোচিত গবেষণায় সংখ্যাটি প্রায় ৬ কোটি ৫ লাখ বলে অনুমান করা হয়েছে। তবে বিভিন্ন গবেষণায় এ সংখ্যা ৮০ লাখ থেকে ১১ কোটি ২০ লাখ পর্যন্ত পাওয়া যায়। বর্তমানেও আদিবাসীরা দুই মহাদেশে টিকে আছেন। যুক্তরাষ্ট্রে ২০২০ সালের জনগণনা অনুযায়ী, এককভাবে অথবা অন্য পরিচয়ের সঙ্গে মিলিয়ে আমেরিকান ইন্ডিয়ান ও আলাস্কার আদিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ২ দশমিক ৯ শতাংশ। কানাডায় ২০২১ সালের জনগণনায় আদিবাসী জনগোষ্ঠীর হার ৫ শতাংশ। লাতিন আমেরিকার দেশগুলোতে হার আরও বেশি-বলিভিয়া ও গুয়াতেমালায় প্রায় ৪০ শতাংশের বেশি, মেক্সিকো ও পেরুতে প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ।

তবে এসব পরিসংখ্যান দিয়ে প্রাক-উপনিবেশ যুগের আদিবাসী জনসংখ্যার কত শতাংশ আজ টিকে আছে, তা সরাসরি নির্ণয় করা যায় না। কারণ জনগণনায় আত্মপরিচয়, মিশ্র বংশপরিচয় ও আদিবাসী পরিচয়ের সংজ্ঞা দেশভেদে আলাদা। তা সত্ত্বেও ইতিহাসের এই বিপর্যয় দেখায়, উপনিবেশ বিস্তার ও তথাকথিত সভ্যতার সংস্পর্শ অনেক আদিবাসী সমাজের জন্য উন্নতির বদলে অস্তিত্বের সংকট তৈরি করেছিল।

 

অস্তিত্বের সংকটে কেন এসব জনগোষ্ঠী?

বিচ্ছিন্ন আদিবাসীদের সবচেয়ে বড় সংকট তাদের আবাসভূমি হারিয়ে যাওয়া। আমাজন ও বিশ্বের অন্যান্য অঞ্চলে বনভূমি ধ্বংসের পেছনে রয়েছে অবৈধ গাছ কাটা, স্বর্ণ ও অন্যান্য খনিজ উত্তোলন, গবাদিপশুর খামার, কৃষিজমি সম্প্রসারণ এবং নতুন সড়ক নির্মাণ। এসব কর্মকাণ্ডের ফলে তাদের খাদ্য সংগ্রহের জায়গা ছোট হয়ে আসছে। শিকার ও মাছের প্রাপ্যতা কমছে। কখনো কখনো তাদের চলাচলের ঐতিহ্যবাহী পথও বন্ধ হয়ে যাচ্ছে।

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত সারভাইভাল ইন্টারন্যাশনালের গবেষণার তথ্য নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, পৃথিবীর অন্তত ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ৬৫ শতাংশ গাছ কাটার হুমকিতে রয়েছে। প্রায় ৪০ শতাংশের আবাসস্থল খনিশিল্পের কারণে ঝুঁকির মুখে এবং প্রায় ২০ শতাংশ কৃষি ও বাণিজ্যিক খামার সম্প্রসারণের চাপে রয়েছে।

গবেষণাটির সবচেয়ে উদ্বেগজনক পূর্বাভাস হলো, সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ১০ বছরের মধ্যে এসব জনগোষ্ঠীর প্রায় অর্ধেক বিলুপ্ত হয়ে যেতে পারে। এটি গবেষকদের আশঙ্কা, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। তবে এই হিসাব থেকেই বোঝা যায়, তাদের অস্তিত্ব রক্ষার জন্য সময় কতটা গুরুত্বপূর্ণ।

আরেকটি বড় বিপদ সংক্রামক রোগ। বাইরের মানুষের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ না থাকায় এসব জনগোষ্ঠীর অনেকের শরীরে সাধারণ সর্দি, ইনফ্লুয়েঞ্জা, হাম কিংবা অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা নাও থাকতে পারে। ফলে বহিরাগত একজন মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সাধারণ রোগও ছোট একটি জনগোষ্ঠীর জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

ইতিহাসেও এর ভয়াবহ নজির রয়েছে। ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পর আমেরিকার বহু আদিবাসী জনগোষ্ঠী গুটিবসন্ত, হাম ও অন্যান্য সংক্রামক রোগে বিপুলসংখ্যায় মারা যায়। এসব রোগের বিরুদ্ধে তাদের পর্যাপ্ত প্রতিরোধক্ষমতা ছিল না। তাই বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে অনিয়ন্ত্রিত যোগাযোগের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছা-বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য বাইরের মানুষের সঙ্গে অনিয়ন্ত্রিত যোগাযোগ প্রাণঘাতী হতে পারে। তাদের নিজস্ব সিদ্ধান্ত, ভূখণ্ড ও জীবনধারা রক্ষার অধিকার রয়েছে। তাদের এলাকায় কৃষি, খনি, পর্যটন কিংবা অন্য কোনো উন্নয়ন প্রকল্পের কারণে বনভূমি ধ্বংস হলে শুধু পরিবেশ নয়, পুরো জনগোষ্ঠীর অস্তিত্বই বিপন্ন হতে পারে।

 

আধুনিক সভ্যতার সঙ্গে যোগাযোগই কি সমাধান?

এই প্রশ্নের উত্তর এককথায় দেওয়া সম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে জোর করে আধুনিক সমাজের সঙ্গে যুক্ত করা তাদের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। অন্যদিকে, কোনো জনগোষ্ঠীর সদস্যরা নিজেরাই খাবার, চিকিৎসা কিংবা নিরাপত্তার প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া জরুরি। মূল বিষয় হলো, যোগাযোগের সিদ্ধান্ত যেন তাদের ইচ্ছা, স্বাধীনতা ও নিরাপত্তাকে সম্মান করে নেওয়া হয়।

ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের নীতিও স্বেচ্ছা-বিচ্ছিন্ন জনগোষ্ঠীর ক্ষেত্রে জোরপূর্বক যোগাযোগ না করার পক্ষে। তবে কোনো জনগোষ্ঠী হঠাৎ লোকালয়ে এলে তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক আওয়া জনগোষ্ঠীর ঘটনাতেও সংস্থাটি এ ধরনের জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে।

২০২৬ সালের ১৬ নভেম্বর ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলে প্রায় ২০ জন আওয়া সদস্য একটি সরকারি তল্লাশিচৌকি ও প্রতিবেশী গুয়াজাহারা জনগোষ্ঠীর বসতির কাছে এগিয়ে আসে। তারা খাবার চায় এবং তাদের জন্য দেওয়া কাসাভার মতো কন্দজাতীয় খাবার নিয়ে আবার বনে ফিরে যায় বলে সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে।

ঘটনাটি নিয়ে উদ্বেগের কারণ শুধু তাদের লোকালয়ে আসা নয়। স্থানীয় আদিবাসী নেতাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দলটির কয়েকজন সদস্য, বিশেষ করে শিশু ও বয়স্কদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তারা কেন খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল, তা এখনো নিশ্চিত নয়। বনভূমিতে বহিরাগতদের অনুপ্রবেশ ও খাদ্যসংকটের সম্ভাব্য প্রভাব নিয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

ব্রাজিলের কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিয়েছে। তবে ফুনাই স্পষ্ট করেছে, এই উদ্যোগের উদ্দেশ্য তাদের সঙ্গে স্থায়ী যোগাযোগ প্রতিষ্ঠা করা নয়; বরং তাদের নিরাপত্তা এবং নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা।ভারতের সেন্টিনেলিজ জনগোষ্ঠীর ক্ষেত্রেও সরকার একই ধরনের সতর্ক নীতি অনুসরণ করে। উত্তর সেন্টিনেল দ্বীপ এবং এর চারপাশের পাঁচ কিলোমিটার সমুদ্রসীমা সংরক্ষিত এলাকা। সেখানে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। তাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ না করে দূর থেকে সুরক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এই নীতির মূল লক্ষ্য হলো অনাকাঙ্ক্ষিত যোগাযোগ ও সংক্রমণের ঝুঁকি এড়ানো।

 

মানবসভ্যতার জন্য কেন গুরুত্বপূর্ণ এই জনগোষ্ঠী?

বিচ্ছিন্ন আদিবাসীদের অস্তিত্ব রক্ষার প্রশ্নটি শুধু মানবাধিকার কিংবা কিছু ছোট জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে পৃথিবীর পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের দীর্ঘমেয়াদি টিকে থাকার প্রশ্ন। হাজার হাজার বছর ধরে এসব জনগোষ্ঠী বনাঞ্চলের সঙ্গে এমন এক জীবনব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে প্রকৃতি থেকে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করা হয়, কিন্তু স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টাও থাকে। বনজ উদ্ভিদ, প্রাণী, নদী, মাটি ও ঋতু সম্পর্কে তাদের জ্ঞান গবেষকদের কাছেও মূল্যবান।

বিশেষ করে আমাজনের আদিবাসী অধ্যুষিত বহু অঞ্চল বন সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, যেসব এলাকায় আদিবাসীদের ভূমির অধিকার ও আবাসভূমি সুরক্ষিত, সেসব অঞ্চলের বনভূমি তুলনামূলকভাবে ভালো থাকে। অর্থাৎ তাদের ভূমির অধিকার নিশ্চিত করা শুধু একটি জনগোষ্ঠীর জীবন রক্ষার বিষয় নয়, বৃহত্তর পরিবেশ সংরক্ষণেরও গুরুত্বপূর্ণ উপায়।

নেচার সাময়িকীতে প্রকাশিত ২০২৫ সালের গবেষণাও দেখিয়েছে, সুস্থ বনভূমি ছাড়া আমাজনের প্রকৃতিনির্ভর জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বজায় রাখা কঠিন। বন ধ্বংসের সঙ্গে সঙ্গে বন্য প্রাণীর প্রাপ্যতা কমে যায়, ফলে তাদের ঐতিহ্যবাহী খাদ্যব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে।

আধুনিক সভ্যতার মানুষ হয়তো মনে করে, প্রযুক্তি ও উন্নয়নের পথেই মানবজাতির ভবিষ্যৎ। কিন্তু পৃথিবীর বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলো মনে করিয়ে দেয়, মানুষের বেঁচে থাকার একমাত্র পথ প্রযুক্তিনির্ভর জীবন নয়। প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে, নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেও একটি সমাজ টিকে থাকতে পারে।

আমাজনের আওয়া জনগোষ্ঠীর খাবারের সন্ধানে লোকালয়ের কাছে এগিয়ে আসার ঘটনাটি তাই গভীর উদ্বেগের। তারা হয়তো সাময়িকভাবে বাইরের মানুষের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে তারা নিজেদের জীবনধারা ছেড়ে দিতে চায়। তাদের প্রয়োজন নিরাপদ বন, পর্যাপ্ত খাদ্য, বহিরাগতদের অনুপ্রবেশ থেকে সুরক্ষা এবং নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার।

পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলোর দায়িত্ব এখন তাদের আধুনিক সভ্যতায় টেনে আনা নয়, বরং তাদের নিজস্ব পৃথিবীটুকু ধ্বংসের হাত থেকে রক্ষা করা। কারণ কোনো জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও জীবনপদ্ধতি একবার বিলুপ্ত হয়ে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মানবসভ্যতার প্রকৃত অগ্রগতি তখনই অর্থবহ হবে, যখন উন্নয়নের পাশাপাশি পৃথিবীর ক্ষুদ্রতম জনগোষ্ঠীর বেঁচে থাকার অধিকারও সমান গুরুত্ব পাবে।

 

প্রধান আন্তর্জাতিক গবেষণা ও তথ্যসূত্র

১. Survival International – Uncontacted Indigenous Peoples: At the Edge of Survival, ২০২৫।

২. United Nations – Protecting the Rights of Indigenous Peoples in Voluntary Isolation and Initial Contact, ৮ আগস্ট ২০২৪।

৩. Associated Press৪. Nature – Healthy Forests Safeguard Traditional Wild Meat Food Systems in Amazonia, ২৬ নভেম্বর ২০২৫।

৫. Reuters – ব্রাজিলের বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর বিরল লোকালয়ে আগমন, ১৭ নভেম্বর ২০২৬।

৬. Mongabay – Rare encounter with isolated Indigenous Awá people in Brazil exposes vulnerability, ১৭ নভেম্বর ২০২৬।

৭. Government of India – সেন্টিনেলিজ জনগোষ্ঠীর সুরক্ষা ও উত্তর সেন্টিনেল দ্বীপের সংরক্ষিত এলাকার নীতি।

 

পূর্বের খবরটেস্ট ক্রিকেটের প্রায় দেড়শো বছরের ইতিহাসে নতুন অধ্যায়: দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস
পরবর্তি খবরবলিউড : রণবীরের সঙ্গে দাম্পত্যে অসুখী আলিয়া: সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!