ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

 

ভিনিউজ : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এসে পৌঁছেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও মজুত স্বাভাবিক রাখতে এই তেল আমদানি করা হয়েছে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে এই ডিজেল পৌঁছায়। গত সোমবার (৯ মার্চ) বিকেল থেকে পাইপলাইনে তেল সরবরাহ শুরু হয়ে বুধবার (১১ মার্চ) তা সম্পন্ন হয়। পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক মো. আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এবং নুমালিগড় রিফাইনারি–এর কাছে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দিয়েছে ঢাকা।

এদিকে পার্বতীপুর তেল ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে চাহিদার তুলনায় কম জ্বালানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. রজব আলী সরকার জানান, ডিপো থেকে প্রতি পেট্রোল পাম্পকে প্রায় ১ লাখ ৩ হাজার লিটার পেট্রোল এবং ২ লাখ ২৮ লিটার ডিজেল দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।

তার অভিযোগ, কিছু পাম্পকে তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে অন্য পাম্পগুলো ক্রেতাদের চাপের মুখে পড়ছে। অনেক ট্যাংক-লরি তিন দিন পর্যন্ত অপেক্ষা করার পর তেল পাচ্ছে বলেও জানান তিনি।

রেশনিং প্রসঙ্গে পার্বতীপুর রেলহেড ডিপোর তত্ত্বাবধায়ক জানান, প্রতিদিন পেট্রোল ও অকটেন ১ লাখ ৩০ হাজার লিটারের পরিবর্তে ১ লাখ ৫ হাজার লিটার করে দেওয়া হচ্ছে। মূলত ডিজেল সরবরাহ কম থাকায় রেশনিং পদ্ধতিতে পেট্রোল পাম্পগুলোতে তেল বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে তেল সরবরাহ করা হয়। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের শিলিগুড়ি থেকে শুরু হওয়া প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি পঞ্চগড় ও নীলফামারী হয়ে পার্বতীপুরে এসে শেষ হয়েছে।

ডিপো কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ মেট্রিক টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ মেট্রিক টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ মেট্রিক টন ডিজেল সরবরাহ করা হয়েছে।

 

পূর্বের খবরমধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: ইরানে যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে তীব্র’ হামলার প্রস্তুতি
পরবর্তি খবরআবাসন খাতের সংকট সমাধানে গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!