আবাসন খাতের সংকট সমাধানে গৃহায়নমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক

 

ভিনিউজ : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে তার মন্ত্রণালয়ে রিহ্যাবের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ | ছবি : কালবেলা
দেশের আবাসন খাতের চলমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে নতুন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

রিহ্যাব প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লায়ন এম. এম. আউয়াল (সাবেক এমপি) এবং ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. আব্দুল লতিফ। বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আবাসন খাতের প্রধান সমস্যা, বিশেষ করে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নের ফলে নতুন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়। রিহ্যাব নেতারা বলেন, ড্যাপের কিছু বিধি-বিধানের কারণে নতুন আবাসন প্রকল্পে ইউনিটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, যা খাতের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বিষয়গুলো গুরুত্বসহকারে শোনেন এবং লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য রিহ্যাব নেতাদের অনুরোধ জানান। রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, সংস্থাটি দ্রুত একটি বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করে মন্ত্রণালয়ে জমা দেবে।

রিহ্যাব নেতারা আশা প্রকাশ করেন, সরকারের সঙ্গে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে আবাসন খাতের সমস্যা সমাধান হবে এবং খাতটি আরও গতিশীল হবে।

 

পূর্বের খবরভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল
পরবর্তি খবরস্পিকার-ডেপুটি স্পিকার বাছাইয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল সরকারি দল
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!