মেধানির্ভর, দক্ষ ও জনমুখী জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে মেধাভিত্তিক ও দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। তিনি আরও বলেন, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি অতীত থেকেই দক্ষ ও প্রশিক্ষিত প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই আন্দোলন প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণের দীর্ঘদিনের জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থার প্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে এবং জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।




