তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক তৎপরতায় জোর

তিন দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি যাত্রা শুরু করেন। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক কর্মসূচিতে অংশ নেওয়াই প্রধান লক্ষ্য।

সফরের প্রথম ধাপে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তিনি তুরস্ক সফর করবেন। সেখানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

এই ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া পাকিস্তান ও গাম্বিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথাও রয়েছে।

জানা গেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বৈশ্বিক সমর্থন আদায় এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

তুরস্ক সফর শেষে তিনি বেলজিয়াম এবং পরে আদ্দিস আবাবা সফর করবেন। এসব সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জাতিসংঘের গুরুত্বপূর্ণ নির্বাচনে সমর্থন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

পূর্বের খবর৩৪ বছর পর প্রথমবার সরাসরি যোগাযোগে ইসরায়েল-লেবানন নেতারা
পরবর্তি খবরঅস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সরবরাহে শঙ্কা