সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে প্রদর্শনী

জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের জন্য সারা দেশের দোকানপাট ও শপিং মল সন্ধ্যার পর বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। প্রথমে সন্ধ্যা ৬টা থেকে বন্ধ রাখার নির্দেশ দিলেও গতকাল এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে দেশের মাল্টিপ্লেক্সগুলো গতকাল থেকে সন্ধ্যাকালীন প্রদর্শনীগুলো স্থগিত করেছে।

এক বিবৃতিতে যমুনা ব্লকবাস্টার জানায়, ‘সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সকল দোকান আর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আমাদের পূর্বনির্ধারিত প্রতিদিনের সন্ধ্যার শোগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে।’

যাঁরা সন্ধ্যার শোর জন্য ইতিমধ্যে অগ্রিম টিকিট কেটেছেন, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের সেই টাকা ফেরত (রিফান্ড) দেওয়া হবে বলেও জানিয়েছে ব্লকবাস্টার সিনেমাস।

অন্যদিকে আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও রোববার থেকে সন্ধ্যাকালীন সব শো স্থগিত করেছে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘জ্বালানি সংকট মোকাবিলার জন্য সন্ধ্যার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, একই কারণে সিনেমা হলও আমরা আপাতত বন্ধ রাখব। আমাদের ওয়েবসাইটেও সেভাবে শিডিউল করা হয়েছে। সন্ধ্যার শো দেওয়া হয়নি। সন্ধ্যার শোয়ে দর্শকের চাপ ছিল। কিন্তু সরকারি নির্দেশনাটা এসেছে বৃহত্তর স্বার্থে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে। সে ক্ষেত্রে আমাদের সবারই সহনশীল হওয়ার পাশাপাশি ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত।’

লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, ‘সরকারি নির্দেশনা মেনে আমরাও রোববার থেকে সন্ধ্যার শো বন্ধ রাখছি। যদিও এতে আমাদের বড় আকারের ক্ষতি হবে। কেননা ঈদের সিনেমাগুলো চলছে। তা ছাড়া দিনের বেলা দর্শকের উপস্থিতি তেমন থাকে না।’

মাল্টিপ্লেক্সগুলো ইতিমধ্যেই সন্ধ্যার পর শো বন্ধ রাখলেও সিঙ্গেল স্ক্রিন হলগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে সিঙ্গেল স্ক্রিনগুলো রাত ৯টা পর্যন্ত চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল।

পূর্বের খবরআমরা পুরো ইরান উড়িয়ে দিতে যাচ্ছি: ট্রাম্প
পরবর্তি খবরপ্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!