ভিনিউজ ডেস্ক: বলিউডে তারকাদের বন্ধুত্ব নিয়ে নানা সময়ে আলোচনা হয়। তবে পর্দার বাইরেও যে কিছু সম্পর্ক তৈরি হয় জীবনের কঠিন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে, তারই এক সুন্দর উদাহরণ কিয়ারা আডবাণী, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার বন্ধুত্ব। মাতৃত্বের নতুন অভিজ্ঞতা, শারীরিক ও মানসিক পরিবর্তন এবং সন্তান জন্মের পর পেশাগত জীবনে ফিরে আসার চ্যালেঞ্জ, এসবই তাদের পরস্পরের আরও কাছাকাছি এনেছে।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে হাজির হয়ে ব্যক্তিগত জীবনের নানা অজানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন কিয়ারা। সেখানে উঠে এসেছে প্রথমবার মা হওয়ার পর তার কঠিন সময় এবং বলিউডের অন্য অভিনেত্রীদের কাছ থেকে পাওয়া মানসিক সমর্থনের গল্প।
২০২৫ সালে কন্যাসন্তান সারায়ার জন্মের মধ্য দিয়ে মাতৃত্বের স্বাদ পান কিয়ারা। তবে মা হওয়ার আনন্দের পাশাপাশি নতুন দায়িত্ব ও শারীরিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ ছিল না। বিশেষ করে সন্তান জন্মের পর প্রথম কয়েক মাস মানসিকভাবে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল তাকে। হরমোনের পরিবর্তন, শারীরিক অস্বস্তি এবং নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপে কখনও কখনও একাকিত্বও অনুভব করতেন অভিনেত্রী।
কিয়ারা জানান, প্রথমদিকে তারা নিজেদের মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি। কিন্তু একটা সময় তার মনে হয়, এই অনুভূতিগুলো ভাগ করে নেওয়া জরুরি। নিজের মা ও শাশুড়ির সঙ্গে কথা বলার পাশাপাশি এমন কিছু মানুষের প্রয়োজন অনুভব করেন, যাঁরা একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন।
সেই জায়গা থেকেই আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও পত্রলেখার সঙ্গে তাঁর যোগাযোগ আরও গভীর হয়। করণ জোহর জানান, প্রসবোত্তর সময়ে কিয়ারা নিয়মিত এই অভিনেত্রীদের সঙ্গে কথা বলতেন। তাদের মধ্যে চলত অভিজ্ঞতা বিনিময়, পরস্পরের খোঁজখবর নেওয়া এবং কঠিন সময়ে মানসিক সাহস জোগানোর চেষ্টা।
কিয়ারা বলেন, একই পেশায় থাকার কারণে তাদের চ্যালেঞ্জগুলোও অনেকটা এক। বিশেষ করে সন্তান জন্মের পর কীভাবে আবার শুটিংয়ে ফেরা যায়, কীভাবে পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানো সম্ভব, তা নিয়ে আলিয়ার সঙ্গে তার নিয়মিত কথা হতো। একজন মা হিসেবে সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি কাজের জগতে ফিরে আসার সময় যে অপরাধবোধ বা ‘মম-গিল্ট’ তৈরি হয়, সেটিও ছিল তাঁদের আলোচনার অন্যতম বিষয়।
উল্লেখ্য, আলিয়া ভাট ২০২২ সালে কন্যাসন্তান রাহার মা হন। ক্যাটরিনা কাইফ ২০২৫ সালে পুত্রসন্তান বিহানের জন্ম দেন। একই বছরের নভেম্বরে রাজকুমার রাও ও পত্রলেখার সংসারেও আসে কন্যাসন্তান।
কিয়ারার কথায়, মাতৃত্বের এই অভিজ্ঞতা তাকে বুঝিয়েছে, একজন মা অন্য একজন মায়ের অনুভূতি অনেক সহজে বুঝতে পারেন। তারকাখ্যাতি কিংবা পেশাগত পরিচয়ের বাইরে এই অভিন্ন অভিজ্ঞতাই তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করেছে।




