রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

ভিনিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ উঠিয়ে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টার রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাস্তা আটকে থাকায় জনগণের ভোগান্তি হচ্ছে। আমরা মানুষের ভোগান্তি চাই না। তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আজ (বুধবার) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’ এই ঘোষণার পর শিক্ষার্থীরা সড়ক সরে যান। এরপর শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।

বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও প্রশ্নের মান নিয়ে ক্ষোভ জানিয়ে গতকাল দিনভর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী নতুন কর্মসূচি দিয়ে বিক্ষোভ শেষ করেন। নতুন কর্মসূচি সম্পর্কে মঙ্গলবার শিক্ষার্থীরা বলেছিলেন, আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে।

সেই ঘোষণা অনুযায়ী, আজ বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।

বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন শিক্ষার্থীরা। এরপর তারা সেখানেই অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ের দিকে যান, যেখানে পরে তারা সড়ক অবরোধ করেন।

শিক্ষা ভবনের সামনে থাকা আন্দোলনকারী এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান হামিম বলেন, শিক্ষামন্ত্রী তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। প্রতিটি প্রশ্নপত্রে ভুল থাকছে। ক্ষুব্ধ এই শিক্ষার্থী বলেন, ‘মন্ত্রী বলেছেন যারা ভুল প্রশ্নের উত্তর দিয়েছেন, তারা পূর্ণ নম্বর পাবেন, আর যারা উত্তর করেননি, তাদের কী হবে? এভাবে আসলে একটা পরীক্ষা হতে পারে না। আমরা তার পদত্যাগ চাই।’

সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগে অবস্থান কর্মসূচিতে রোহান হাসনাত জিহাদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের দাবি এখন একটাই। শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে অবহেলা করছে, তাকে পদত্যাগ করতে হবে।’ শাহবাগে শিক্ষার্থীদের এই অবরোধ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া হয়।

 

 

 

পূর্বের খবরবেলুচিস্তান কোন পথে: বিদ্রোহ, স্বাধীনতার দাবি নাকি দীর্ঘস্থায়ী সংঘাত?
পরবর্তি খবরসব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: সংসদে প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!