বিবিসি প্রতিবেদন : হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলায় ১২ ক্রু আহত হয়েছে বলে জানিয়েছে ভারত

নিউজ : হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এমটি পিস নামের তেল ট্যাংকারটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। এই হামলার নিন্দা জানিয়েছে ভারত। তেলের এই ট্যাংকারটিতে ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানি কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের জাহাজ থেকে নামিয়ে ওমানের খাসাব শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারত বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক নৌবহরের জনশক্তি সরবরাহকারী দেশ।

গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
নয়াদিল্লি জানিয়েছে, গত মাসে একই এলাকায় একটি কার্গো জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে জাহাজে ধারাবাহিক হামলা দেশটির জন্য “গভীর উদ্বেগের” বিষয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে।

মাঝে মাঝে তারা এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে, যেগুলোর বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করার বা নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার অভিযোগ থাকে। এর বিপরীতে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে ব্লকেড চালাচ্ছে এবং মার্কিন বাহিনীর আদেশ অমান্য করা জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে।

ভারত এক বিবৃতিতে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

তারা বলেছে, “এই অঞ্চলে বাণিজ্যিক নৌ-পরিবহন, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক এই জলপথটি দিয়ে চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।”

পূর্বের খবরপ্রবৃদ্ধি কমে ৩.৪%, বাড়ছে খেলাপি ঋণ ও দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত: বিশ্বব্যাংকের প্রতিবেদন
পরবর্তি খবরতত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে সংবিধানে ফিরছে গণভোটের বিধান
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!