অদিত্য রহমান
বিশেষ সংবাদদাতা
ভিনিউজ : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন বিশ্ব অর্থনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ছুটেছিলেন বিনিয়োগকারীরা। অথচ এখন সেই স্বর্ণই বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছেন অনেকে। গত ২০ নভেম্বর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নেমে আসে প্রায় ১৪ মাসের সর্বনিম্ন পর্যায়ে। সপ্তাহজুড়ে দরপতন ছিল প্রায় ৯ দশমিক ৪ শতাংশ, যা আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। রয়টার্সের বিশ্লেষণে স্পষ্ট, এটি শুধু স্বর্ণের চাহিদা কমে যাওয়ার ঘটনা নয়; এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সুদের নীতি, ডলারের শক্তি, প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারবাজারে অস্থিরতা এবং বিশ্ব বিনিয়োগকারীদের আচরণ পরিবর্তনের সম্মিলিত প্রভাব।
স্বর্ণের পতনের নেপথ্যে তিনটি বড় কারণ। প্রথম কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেড সুদের হার বাড়াতে পারে-এমন প্রত্যাশা জোরালো হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে সুদ পাওয়া যায় এমন মার্কিন সরকারি বন্ড ও ডলারের দিকে ঝুঁকছেন। স্বর্ণ কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। ফলে সুদের হার বাড়লে স্বর্ণ ধরে রাখার আর্থিক আকর্ষণ কমে যায়।
দ্বিতীয় কারণ ডলারের শক্তিশালী অবস্থান। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ডলারে নির্ধারিত হয়। ডলারের মূল্য বাড়লে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণের দাম তুলনামূলক বেশি হয়ে যায়। এতে চাহিদার ওপর চাপ পড়ে। রয়টার্সের ১৯ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ডলার সূচক ২০২৫ সালের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
তৃতীয় কারণ প্রযুক্তি খাতের অস্থিরতা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানের শেয়ারে বড় ধরনের দরপতনে বিনিয়োগকারীদের লোকসান সামলাতে নগদ অর্থের প্রয়োজন হচ্ছে। ফলে অনেকে স্বর্ণের মতো লাভজনক সম্পদও বিক্রি করছেন। অর্থাৎ, স্বর্ণের দাম কমার পেছনে শুধু স্বর্ণবাজারের দুর্বলতা নয়, শেয়ারবাজারের সংকটও কাজ করছে।
স্বর্ণের দাম কমলে স্বর্ণ আমদানি নির্ভর দেশগুলোর জন্য আমদানি ব্যয় কমার সুযোগ তৈরি হয়। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কিছুটা কমতে পারে এবং গয়না শিল্পে কাঁচামালের খরচ কমে। তবে বিশ্ব অর্থনীতির জন্য এর প্রভাব একমুখী নয়। স্বর্ণের দাম কমা যদি সুদের হার বৃদ্ধি, ডলারের শক্তি এবং শেয়ারবাজারের অস্থিরতার ফল হয়, তাহলে ঋণের খরচ বাড়তে পারে, বিনিয়োগ কমতে পারে এবং উন্নয়নশীল দেশগুলো থেকে পুঁজি বেরিয়ে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।
বিশ্ব স্বর্ণ পরিষদের (ডব্লিউজিসি) ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ৩২১ টন স্বর্ণ কিনেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি। অর্থাৎ বাজারে সাময়িক দরপতন হলেও দীর্ঘমেয়াদে স্বর্ণের প্রতি কেন্দ্রীয় ব্যাংকগুলোর আস্থা পুরোপুরি কমেনি। বরং ভূরাজনৈতিক ঝুঁকি ও আর্থিক অনিশ্চয়তার কারণে তারা স্বর্ণের মজুত বাড়াচ্ছে।
ভারত বিশ্বের অন্যতম বড় স্বর্ণ আমদানিকারক দেশ। দেশটিতে বিয়ে, উৎসব ও সামাজিক অনুষ্ঠানে স্বর্ণ কেনার বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলে ভারতীয় ক্রেতারা উপকৃত হবেন। গয়না শিল্পে চাহিদা বাড়ার পাশাপাশি স্বর্ণ আমদানির একক ব্যয় কমতে পারে। কিন্তু এখানে একটি অর্থনৈতিক ঝুঁকিও রয়েছে। দাম কমলে ভারতীয়দের স্বর্ণ কেনার পরিমাণ বেড়ে যেতে পারে। ফলে কম দামে আমদানি হলেও মোট আমদানি ব্যয় প্রত্যাশা অনুযায়ী কমবে না।
রয়টার্সের ১৩ নভেম্বরের প্রতিবেদনে দেখা যায়, দীপাবলিকে সামনে রেখে অক্টোবর মাসে ভারতের স্বর্ণ আমদানি আগের মাসের তুলনায় তিন গুণের বেশি বেড়ে ৫ দশমিক ৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। একই মাসে দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়ায় ৩৯ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে স্বর্ণের দাম কমার পরও অতিরিক্ত আমদানি ভারতের বৈদেশিক মুদ্রার ভারসাম্যে নতুন চাপ সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের স্বর্ণবাজারও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত। দাম কমলে বিয়ে, উৎসব ও উপহার উপলক্ষে স্বর্ণ কেনার সামর্থ্য বাড়বে। গয়না ব্যবসায়ীরা নতুন ক্রেতা পাবেন। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেই বাংলাদেশে সমান হারে দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য, আমদানি ব্যয়, শুল্ক, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের সরবরাহ এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধার সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের ২০২৬ সালের ১৩ আগস্টের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে নির্ধারিত নীতিমালার আওতায় স্বর্ণ আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারের দরপতনের সুফল পেতে হলে বৈধ আমদানি ও স্থানীয় সরবরাহ ব্যবস্থাও কার্যকর থাকা প্রয়োজন
বিশ্লেষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দরপতন সাময়িক, নাকি দীর্ঘমেয়াদি প্রবণতার সূচনা। ফেড সুদের হার বাড়ানোর পথে এগোলে এবং ডলার শক্তিশালী থাকলে স্বর্ণের ওপর চাপ অব্যাহত থাকতে পারে। অন্যদিকে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা, মূল্যস্ফীতি কিংবা আর্থিক বাজারে বড় সংকট দেখা দিলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা আবার বাড়তে পারে। বিশ্ব স্বর্ণ পরিষদও তাদের সর্বশেষ পূর্বাভাসে এই দুই বিপরীতমুখী শক্তির কথা উল্লেখ করেছে।
সব মিলিয়ে স্বর্ণের বর্তমান দরপতনকে শুধু ক্রেতাদের জন্য সুখবর হিসেবে দেখার সুযোগ নেই। এটি বিশ্ব অর্থনীতির সুদের হার, ডলারের আধিপত্য, প্রযুক্তি খাতের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের আস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। ভারত ও বাংলাদেশের মতো স্বর্ণ আমদানিনির্ভর দেশের জন্য এটি যেমন বাজার সম্প্রসারণের সুযোগ, তেমনি আমদানি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সতর্ক থাকারও সংকেত।




