ঈদে প্রেক্ষাগৃহ মাতাবে যে পাঁচ সিনেমা

 

ভিনিউজ ডেস্ক : প্রতি বছরের মতো এবারও ঈদকে ঘিরে প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাটা কমে দাঁড়িয়েছে পাঁচে। শুরুতে প্রায় দুই ডজন সিনেমার কথা শোনা গেলেও প্রচারণার ঘাটতিতে বেশিরভাগই দর্শকদের আগ্রহের বাইরে চলে গেছে।

চূড়ান্ত তালিকায় থাকা পাঁচটি সিনেমা ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। ফলে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’-এই পাঁচ সিনেমা নিয়েই এবার ঈদের প্রেক্ষাগৃহ জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

ঈদের সিনেমা মানেই শাকিব খান। এবার তিনি হাজির হচ্ছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ নিয়ে। গ্যাংস্টারধর্মী এই সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার দিক তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

অন্যদিকে, ভিন্নধর্মী গল্পে নির্মিত ‘প্রেশার কুকার’ পরিচালনা করেছেন রায়হান রাফী। চার নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

এদিকে, ‘দম’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। টিজারে দেখা গেছে বেঁচে থাকার সংগ্রাম, নির্যাতন ও বন্দিদশার চিত্র, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।

প্রেম ও অ্যাকশন ঘরানার মিশেলে তৈরি ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটিতে রোমান্সের পাশাপাশি সহিংসতার উপস্থিতিও নজর কেড়েছে।

অন্যদিকে, ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর, যা হুমায়ূন আহমেদ-এর সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত। ট্রেনযাত্রাকে ঘিরে গড়ে ওঠা গল্পে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

সিনেমাগুলোর টিজার ও পোস্টার ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করলেও গান প্রকাশের দিক থেকে এখনো খুব বেশি অগ্রগতি দেখা যায়নি। তবে ‘রাক্ষস’ সিনেমার ‘শুদ্ধতার প্রেম’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে, যা গেয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। বাকি সিনেমাগুলোর গান প্রকাশের অপেক্ষায় রয়েছেন দর্শক-শ্রোতারা।

পূর্বের খবরঈদের ছুটি : ঘুরে আসুন ঢাকার বিনোদন কেন্দ্র
পরবর্তি খবরপ্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!