ঈদের ছুটি : ঘুরে আসুন ঢাকার বিনোদন কেন্দ্র

 

বিশেষ প্রতিবেদন

ভিনিউজ : পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে পড়ে। তাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগের জন্য এ সময়কে সেরা মনে করছেন অনেকে। ঈদ ঘিরে ঢাকার ভেতরেই প্রস্তুত বেশ কিছু বিনোদন ও দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, বোটানিক্যাল গার্ডেন, ভাসানী নভোথিয়েটার, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড, হাতিরঝিল, বলধা গার্ডেন, জাতীয় জাদুঘর ও কার্জন হল।

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে পুরো সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে না। প্রবেশমূল্য আগের মতোই জনপ্রতি ৫০ টাকা; শূন্য থেকে ২ বছরের শিশুদের জন্য টিকিট লাগবে না।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ আতিকুর রহমান জানান, কালবৈশাখীর শঙ্কা থাকলেও এবারও লাখ লাখ দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা তাদের। এ জন্য টিকেটিং বুথ বাড়ানো হয়েছে, ডিজিটাল টিকেটিংয়ে জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও আনসারের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে, সেসঙ্গে সিসিটিভি; আর সামনের সড়কে যানজট এড়াতে কাজ করবে ট্রাফিক পুলিশের বিশেষ টিম।

বুড়িগঙ্গা তীরে ঐতিহাসিক আহসান মঞ্জিল হতে পারে অন্যরকম গন্তব্য। গোলাপি রঙের এই প্রাসাদে গেলে জানা যায় নবাবদের আভিজাত্যের ইতিহাস। ওয়েবসাইট অনুযায়ী, শনি থেকে বুধবার পর্যন্ত এটি খোলা থাকে। বাংলাদেশিদের টিকিট ৪০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ৩০০ এবং অন্য দেশের নাগরিকের জন্য ৫০০ টাকা। টিকিট মেলে অনলাইনেও।

মোগল আমলের স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লা ঢাকার আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান। লাল ইটের তৈরি কেল্লার পাশেই রয়েছে ঐতিহাসিক লালবাগ শাহি মসজিদ। সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে। টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ২০০ এবং অন্য দেশের নাগরিকের জন্য ৪০০ টাকা।

মিরপুরে জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। ২০৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ উদ্যানে রয়েছে প্রায় ৮০০ প্রজাতির বৃক্ষ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা, ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ১৫ টাকা, ৫ বছর পর্যন্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বিদেশির জন্য ৫০০ টাকা।

রাজধানীর বিজয় সরণির ভাসানী নভোথিয়েটারও হতে পারে গন্তব্য। প্ল্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকিট ১০০ টাকা, দুই বছরের নিচে শিশুদের টিকিট লাগে না। ফাইভডি মুভি থিয়েটার ও ফাইভডি ইন্টারঅ্যাকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটরের টিকিট ৫০ টাকা করে, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারির টিকিট ১০০ টাকা এবং রাইড সিমুলেটরের টিকিট ২০ টাকা। টেলিটক নম্বরের মাধ্যমে তিন দিন আগে অগ্রিম টিকিট সংগ্রহ করা যায়।

ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে রয়েছে ৪০টি রাইড; এর ১৫টিতে সবাই চড়তে পারলেও বাকি রাইডগুলো মূলত শিশুর জন্য। ঈদের দিন সকাল ১০টা থেকে খোলা থাকবে এটি। প্রবেশমূল্য ৫০ টাকা।

ঢাকার বাইরে যেখানে যেতে পারেন
ঢাকার বাইরে স্বল্প সময়ের ভ্রমণে গাজীপুরের নুহাশপল্লি, সাফারি পার্ক, সারাহ রিসোর্ট, ড্রিম স্কয়ার রিসোর্ট, জল ও জঙ্গলের কাব্য উল্লেখযোগ্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দা পার্ক, সোনারগাঁয়ের পানাম সিটি ও বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, আর মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়িও হতে পারে দর্শনীয় গন্তব্য।

ঈদের সিনেমা
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহেও থাকছে বাড়তি আকর্ষণ। মুক্তির তালিকায় রয়েছে পাঁচ সিনেমা– শাকিব খানের প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা, রায়হান রাফীর প্রেশার কুকার, রেদওয়ান রনির দম, মেহেদি হাসান হৃদয়ের রাক্ষস এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস।

 

পূর্বের খবরচাঙ্গা তৃণমূল : ঈদে বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনী এলাকায়
পরবর্তি খবরঈদে প্রেক্ষাগৃহ মাতাবে যে পাঁচ সিনেমা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!