এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিলো জামায়াত

 

ভিনিউজ : গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারকে সব ধরনের সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দিলে বিরোধীদল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করা হবে। সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট কেটে যাবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।

তিনি অভিযোগ করেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল এবং সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় ও জনগণের প্রতি বার্তা নির্ধারণ করা হয়েছে।

সেক্রেটারি জেনারেল বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেয়া রায় অগ্রাহ্য করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এর ফলে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল এবং সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে।

গোলাম পরওয়ার বলেন, প্রায় পাঁচ কোটি মানুষের রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে। একটি সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা। সরকার গণভোটের রায় মেনে নিলে বর্তমান রাজনৈতিক সংকট অনেকটাই নিরসন সম্ভব।

দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে। মহাসড়কে গাছ কেটে এবং সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি স্থাপনা রক্ষার দায়িত্ব সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারা যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন।

সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের খবরও তারা পাচ্ছেন। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্য সামনে রেখে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে জামায়াত। আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে।

তিনি দেশের রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।

পূর্বের খবরকনফুসিয়াস: বিশ্ব মানবতার মহান দার্শনিক
পরবর্তি খবরমালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!