ট্রাম্প, পুতিন ও শি একসঙ্গে: নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে শেনজেন সম্মেলন

 

রবিউল আহমেদ

আন্তর্জাতিক সংবাদ বিশ্লষণ

ভিনিউজ : রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রথমবারের মতো একই মঞ্চে একসঙ্গে দেখা গেল। বুধবার (১৮ নভেম্বর) চীনের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের আনুষ্ঠানিক আয়োজনের আগে তিন নেতার এই উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকটি এখনো অনুষ্ঠিত হয়নি। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন নেতার আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাশিয়ার ক্রেমলিনের ভিডিওতে দেখা যায়, পারিবারিক ছবি তোলার আগে পুতিন এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন। এ সময় শি জিনপিং পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রাম্প ও পুতিন পরস্পরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় বৈঠকের পর এই প্রথম তাঁদের সরাসরি সাক্ষাৎ। অন্যদিকে, শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে স্বয়ং উপস্থিত হন শি জিনপিং। বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানাতে চীনা প্রেসিডেন্টের এমন ব্যক্তিগত উপস্থিতি বিরল কূটনৈতিক সৌজন্য হিসেবে বিবেচিত হচ্ছে।

রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইরান যুদ্ধ, ইউক্রেন সংকট, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় চুক্তি বা সমঝোতা ঘোষণার প্রত্যাশা করছেন না তাঁরা। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে ভবিষ্যতে আলোচনার পথ তৈরি করাই হতে পারে এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার গুরুত্ব অনেক বেশি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত রাখার সর্বশেষ চুক্তি নিউ স্টার্ট চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ট্রাম্প চান, নতুন কোনো অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম হওয়ায় বেইজিং এ ধরনের চুক্তিতে আগ্রহ দেখাতে সতর্ক অবস্থানে রয়েছে।

ইউক্রেন যুদ্ধও এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। পুতিন চাইছেন, ইউক্রেন প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় চীনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। তবে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন যুদ্ধ আলোচনার প্রধান বিষয় হবে না; বরং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তিন নেতা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, তাঁর দেশকে আলোচনার বাইরে রেখে বড় শক্তিগুলো ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

চীন এই সম্মেলনকে নিজেদের আন্তর্জাতিক প্রভাব ও কূটনৈতিক সক্ষমতা তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে। বুধবার এপেক সম্মেলনে দেওয়া বক্তব্যে শি জিনপিং মুক্ত বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। একই দিনে পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রা থামাতে পারেনি। শেনজেনে শি ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকেও দুই দেশের সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের কেউ কেউ এই সম্মেলনের সঙ্গে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের তুলনা করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ইয়াল্টায় বসে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। শেনজেনের বৈঠকেও বিশ্বের তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতারা একসঙ্গে বসছেন। ফলে ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইউক্রেন, ইউরোপের কয়েকটি দেশ এবং তাইওয়ান পরিস্থিতির দিকে নজর রাখছে।

তবে বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকের তাৎক্ষণিক ফলাফলের চেয়ে এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রতীকী গুরুত্ব বেশি। ট্রাম্পের কাছে এটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনার সুযোগ, পুতিনের কাছে বিশ্ব রাজনীতিতে রাশিয়ার প্রভাব পুনঃপ্রতিষ্ঠার মঞ্চ এবং শি জিনপিংয়ের কাছে চীনের নেতৃত্ব ও কূটনৈতিক গুরুত্ব তুলে ধরার বড় সুযোগ।

তিন নেতার এই ঐতিহাসিক বৈঠক শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতিতে নতুন সমঝোতার পথ তৈরি করবে, নাকি কেবল শক্তিধর রাষ্ট্রগুলোর পারস্পরিক অবস্থান জানান দেওয়ার মঞ্চ হয়ে থাকবে, এখন সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক বিশ্ব।

পূর্বের খবরঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
পরবর্তি খবরবলিউড : চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে আমি গর্বিত – অনন্যার স্পষ্ট জবাব
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!