বলিউড : চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে আমি গর্বিত – অনন্যার স্পষ্ট জবাব
ভিনিউজ : বলিউডে স্বজনপোষণ বা তারকাসন্তানদের বাড়তি সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এই বিতর্কে বারবার উঠে এসেছে অভিনেত্রী অনন্যা পান্ডে নাম। তারকা অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে হওয়ায় সহজেই বলিউডে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি এমন অভিযোগও রয়েছে। তবে এবার নিজের পারিবারিক পরিচয় ও প্রাপ্ত সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্যা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে পরিচিত হতে তিনি গর্ববোধ করেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বজনপোষণ বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে অনন্যা বলেন, নিজের পারিবারিক পরিচয় অস্বীকার করার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘আমি আমার বাবার মেয়ে এবং এ জন্য আমি গর্বিত। চাঙ্কি পাণ্ডের সঙ্গে আমার পরিচয় জড়িয়ে থাকুক, সেটাই আমি চাই। এই সম্পর্কের সঙ্গে কোনো নেতিবাচক বিষয় যুক্ত করতে চাই না।’
নিজের জীবনে পাওয়া সুযোগ-সুবিধার কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। তার ভাষায়, মানুষ তাকে নিয়ে যা-ই ভাবুক, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের স্বপ্নের জীবন যাপন করতে পারার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনি। নিজের ভাগ্যবান অবস্থানের কথাও স্বীকার করেছেন অনন্যা।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। এরপর থেকেই তারকাসন্তান হিসেবে তাঁর অভিনয় জীবনে প্রবেশ এবং সুযোগ পাওয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। একসময় তারকা সন্তান হয়েও তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, এমন মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে এবার নিজের পারিবারিক পরিচয় কিংবা পাওয়া সুযোগ-সুবিধা আড়াল না করে বরং তা নিয়ে গর্বের কথাই জানালেন এই অভিনেত্রী।

স্বজনপোষণ বিতর্কের পাশাপাশি নতুন প্রজন্মের কাজের ধরন ও সাফল্যের সংজ্ঞা নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন অনন্যা। তার মতে, অকারণেই বর্তমান প্রজন্মকে অলস, আত্মকেন্দ্রিক কিংবা পরিশ্রমবিমুখ বলে সমালোচনা করা হয়। অথচ নতুন প্রজন্মের কাছে সাফল্যের সংজ্ঞা আগের প্রজন্মের তুলনায় কিছুটা আলাদা।
অনন্যার ব্যাখ্যা, আগের প্রজন্মের মানুষ সাফল্যের জন্য সাধারণত একটি নির্দিষ্ট পথ অনুসরণ করতেন। কিন্তু বর্তমান প্রজন্মের সামনে সাফল্য অর্জনের পথ অনেক বেশি বৈচিত্র্যময়। প্রত্যেকের কাজের ধরন ও এগিয়ে যাওয়ার পদ্ধতিও আলাদা হতে পারে। তিনি নিজে ব্যস্ত থাকতে এবং দীর্ঘ সময় কাজ করতে পছন্দ করেন। এমনকি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যেতে পারেন। তবে তার প্রজন্মের অন্য কেউ কম কাজ করেও সফল হতে পারেন। সেটিও তাঁদের নিজস্ব পদ্ধতি বলে মনে করেন তিনি।




