ভিনিউজ ডেস্ক:
আলোর উৎসব দীপাবলিতে উৎসবের রঙে সেজেছে বলিউড। কারও উদ্যাপনে প্রাধান্য পেয়েছে পরিবার ও সন্তানদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত, কেউ ঘরোয়া পরিবেশে লক্ষ্মী-গণেশের পুজো করেছেন, আবার কেউ হাজির হয়েছেন জমকালো পোশাকে তারকাখচিত অনুষ্ঠানে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উৎসব উদ্যাপনের নানা ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছেন বলিউডের তারকারা। সব মিলিয়ে এবারের দীপাবলিতে ঐতিহ্য, পারিবারিক আবেগ ও ফ্যাশনের এক বর্ণিল মেলবন্ধন দেখা গেছে।
কপূর পরিবারের দীপাবলি উদ্যাপনে ছিল পারিবারিক মিলনের আবহ। অভিনেত্রী করিশ্মা ও করিনা কপূর তাঁদের মা-বাবা ববিতা ও রণধীর কপূরের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নেন। দুই বোনের সাবেকি পোশাকের পাশাপাশি নজর কেড়েছে করিনার ছেলে তৈমুরের বাঙালি ধাঁচের পাঞ্জাবি। পরিবারের সদস্যদের একসঙ্গে পাওয়ার আনন্দই যেন তাঁদের ছবিতে সবচেয়ে বেশি ফুটে উঠেছে।
অন্যদিকে, স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে দীপাবলি উদ্যাপন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মেরুন ও সোনালি রঙের কারুকাজ করা পোশাকে তাঁকে দেখা গেছে। মাথায় গজরা, সাজে ঐতিহ্যের ছোঁয়া। নিকও পরেছিলেন উৎসবের উপযোগী পোশাক। বাড়ি সাজানো হয়েছিল আলো ও প্রদীপে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।

ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্য ও মডেল মাহিকা শর্মার দীপাবলির সাজেও ছিল মিল। দুজনেই নীল রঙের সাবেকি পোশাক পরেছিলেন। সঙ্গে ছিল হার্দিকের ছেলে অগস্ত্য। অন্যদিকে, তমন্না ভাটিয়া নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে লক্ষ্মী ও গণেশের পুজো করেছেন। লাল সালোয়ার-কামিজ, কপালে সিঁদুরের টিপ, সাদামাটা সাজেই ধরা দিয়েছেন তিনি। ভূমি পেডনেকরও পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে পুজোর আয়োজন করেন।
কঙ্গনা রানাউত অবশ্য বেছে নিয়েছিলেন কিছুটা আড়ম্বরপূর্ণ আয়োজন। সাবেকি পোশাকে বাড়িতে পুজো করার পাশাপাশি পূজার বিভিন্ন প্রস্তুতির ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যের সঙ্গে উৎসবের ছবি ভাগ করে নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দীপাবলিকে ঘিরে মুম্বইয়ে একাধিক তারকাখচিত অনুষ্ঠানও হয়েছে। ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রার আয়োজনে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে একসঙ্গে দেখা যায়। ঐশ্বর্যার লাল শাড়ি এবং অভিষেকের কালো পোশাক নজর কাড়ে। কারিনা-সাইফ, অক্ষয় কুমার-টুইঙ্কল খান্না, মাধুরী দীক্ষিত, কাজলসহ অনেক তারকাও সেখানে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, করণ জোহর তাঁর ধর্মা প্রোডাকশনের কার্যালয়ে দীপাবলির পুজোর আয়োজন করেন। সেখানে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, শনায়া কাপুর, ওয়ামিকা গাব্বি ও লক্ষ্যের মতো তারকারা অংশ নেন। করণ তাঁর দুই সন্তান যশ ও রুহির সঙ্গে ছবিও প্রকাশ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের আরও খবর, মুম্বইয়ের বিভিন্ন দীপাবলি অনুষ্ঠানে সারা আলি খান, শিলপা শেঠি, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানির মতো তারকারাও অংশ নিয়েছেন। এমনকি সাবেক স্বামী ভরত তখতানির সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন এশা দেওল।
এদিকে, বিজয় দেবেরকোন্ডা ও রশ্মিকা মান্দানা পরিবারের সঙ্গে জাপানে ছুটি কাটাতে গিয়ে সেখান থেকেই দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে কারও কাছে দীপাবলি পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির উপলক্ষ, কারও কাছে ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন, আবার কারও কাছে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে উৎসবের আনন্দ। বলিউডের তারকাদের বিচিত্র উদ্যাপনেও ফুটে উঠেছে আলোর উৎসবের সেই চিরচেনা আনন্দ ও মিলনের বার্তা।




