ভিনিউজ ডেস্ক : মাত্র ২৫ কোটি রুপি বাজেট। মুক্তির ২৭ দিনেই বিশ্বব্যাপী আয় ৩১২ কোটি রুপির বেশি। বক্স অফিসে এমন সাফল্য নিয়ে মালয়ালম সিনেমায় নতুন রেকর্ড গড়েছে নিভিন পলি ও মমিতা বৈজু অভিনীত ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। গিরিশ এ. ডি. পরিচালিত সিনেমাটি এখন মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা।
২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’। মুক্তির ২৪তম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩০৪ কোটি ৯৫ লাখ রুপি আয় করে পেছনে ফেলে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’কে।
এরপর ২৭তম দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় ৩১২ কোটি রুপি ছাড়ায়। ভারতের নেট আয়ও তখন প্রায় ১৪৯ কোটি ৯০ লাখ রুপিতে পৌঁছায়।
এর আগে মালয়ালম সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’র দখলে। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ৩০১ থেকে ৩০২ কোটি রুপি আয় করেছিল বলে বিভিন্ন বক্স অফিস প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সর্বোচ্চ আয়ের তালিকায় এরপর রয়েছে ‘এল ২: এম্পুরান’ ও ‘থুডারুম’। ‘এল ২: এম্পুরান’-এর আয় প্রায় ২৬২ কোটি এবং ‘থুডারুম’-এর আয় প্রায় ২৩৪ কোটি রুপি।
‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এর গল্প আবর্তিত হয়েছে অ্যাশলি ও জাস্টিনকে ঘিরে। বয়সের বড় ব্যবধান সত্ত্বেও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে পরিবার ও সামাজিক বাস্তবতার কারণে সেই সম্পর্ক একসময় ভেঙে যায়। কয়েক বছর পর আবার দেখা হলে পুরোনো অনুভূতিগুলো নতুন করে সামনে আসে।
সিনেমাটিতে অ্যাশলি চরিত্রে অভিনয় করেছেন মমিতা বাইজু এবং জাস্টিনের ভূমিকায় আছেন নিভিন পলি। আরও অভিনয় করেছেন সংগীত প্রতাপ, শ্যাম মোহন, সুরেশ কৃষ্ণ, শ্রীন্দা ও বিনয় ফোর্ট।
সিনেমাটি প্রযোজনা করেছে ভবনা স্টুডিওস। প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন দিলেশ পোথান, ফাহাদ ফাসিল ও শ্যাম পুষ্করণ।
বক্স অফিস সাফল্যের পাশাপাশি সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। মুক্তির ২৭ দিনে ৩১২ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী সিনেমা।




