হিন্দি ছবির জগতে সফল অভিনেত্রী করীনা কপূর খান। তবে জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে এখনও আক্ষেপ রয়েছে অভিনেত্রীর। একাদশ শ্রেণির পরে পড়াশোনা ছেড়ে অভিনয়ে পা রাখার সিদ্ধান্তই আজও ভাবায় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
করিনা জানিয়েছেন, নিজের অভিজ্ঞতা থেকেই কী ভাবে ছেলে তৈমুর এবং জেহকে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেন তিনি। করীনা বলেন, “আমি পড়াশোনা শেষ করিনি। বিষয়টি সব সময়েই আমার মনে থেকে গিয়েছে। সুযোগ থাকা সত্ত্বেও ছবির জগতে চলে আসি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করিনি।”
অভিনেত্রী জানেন, তার সেই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন। তবে নিজের অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করার ব্যাপারে তিনি বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। করীনার বক্তব্য, নিজের মনের কথা শুনেই সেই সময়ে অভিনয়কে বেছে নিয়েছিলেন তিনি। তবে পড়াশোনা শেষ না করার সিদ্ধান্ত নিয়ে এখনও তাঁর আক্ষেপ রয়েছে। এই কারণেই দুই পুত্র তৈমুর এবং জেহকে আগে পড়াশোনা শেষ করার পরে নিজের পছন্দের পথে হাঁটার পরামর্শ দেন করীনা। তার কথায়, “আমি চাই, ওরা আগে পড়াশোনা শেষ করুক। তার পর নিজের মনের কথা শুনে নিজেদের পথ বেছে নিক।”
দান বা সমাজসেবার বিষয়েও নিজের মত জানিয়েছেন করীনা। তার মতে, কোনও সামাজিক উদ্যোগে সাহায্য করা উচিত নিজের বিশ্বাস এবং ইচ্ছা থেকে। প্রতিটি কাজ নিয়ে প্রকাশ্যে কথা বলার প্রয়োজন নেই। করীনা জানান, সমাজসেবার কথা প্রকাশ্যে বলতে তাঁর মাঝে মাঝে অস্বস্তি হয়। অভিনেত্রীর মতে, কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ। নিজের মতো করে মানুষের জন্য ভাল কিছু করার চেষ্টা করে চলেছেন তাঁরা।




