আবহাওয়া : তাপপ্রবাহে পুড়ছে ১৪ জেলা, স্বস্তি মিলতে পারে শনিবার থেকে

 

ভিনিউজ : দেশের বিভিন্ন অঞ্চলে বৈশাখের শুরুতেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর, কুষ্টিয়াসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে এ তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং তা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, চলমান তাপপ্রবাহ শুক্রবার পর্যন্ত থাকতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ব্যাখ্যা অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রি তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে, ১৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবারও ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

পূর্বের খবরজামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
পরবর্তি খবরবিবিসি প্রতিবেদন : যুদ্ধের প্রভাবে ২০ লাখ চাকরি হারালো , গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট