পুলিশের পোশাক পরিবর্তন সংক্রান্ত পূর্বের সিদ্ধান্ত বাতিল করে আবারও পুরোনো ধাঁচের পোশাকে ফিরছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে ১৫ এপ্রিল পাঠানো এক চিঠিতে জানানো হয়, ২০২৫ সালে প্রণীত পুলিশ ড্রেস রুলে আনা পরিবর্তন সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে। চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পক্ষে অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষর করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন এলাকায় লোহার রঙের পরিবর্তে হালকা জলপাই রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ব্যতীত অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই খাকি টুইল প্যান্ট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, আগে প্রবর্তিত লোহা ও কফি রঙের পোশাক মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সঙ্গে এ পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন করে পোশাক নির্ধারণ করা হয়েছে।
এছাড়া জানানো হয়েছে, ইউনিফর্ম সরবরাহ প্রাপ্যতার ভিত্তিতে হওয়ায় এই পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। এখন ড্রেস রুল সংশোধন করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হলেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।




