বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

 

 

ভিনিউজ : বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা ও বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছেন সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল) ইমরান আহমেদ সিদ্দিকী। বুধবার (৫ মার্চ) ঢাকায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন তিনি। এসব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল পররাষ্ট্রনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষই পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। তারা সম্পর্কের ইতিবাচক ধারা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে একমত হন। বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে ইমরান আহমেদের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারা ক্রমবর্ধমান বাণিজ্যিক গতিধারার প্রশংসা করেন এবং সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগগুলো খতিয়ে দেখেন।

এছাড়া সংস্কৃতি বিষয়ক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব। বিশেষ করে সঙ্গীত, সিনেমা, নাটক, যুব বিনিময় এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। তারা সাংস্কৃতিক সম্পর্ক আরও গভীর করতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পূর্বের খবরআলোচনার মাধ্যমে ট্রাম্পের সাথে সম্পর্ক ঠিক করার প্রতিশ্রুতি জেলেনস্কির
পরবর্তি খবরসোনা নিয়ে গ্রেপ্তার অভিনেত্রী, যা বললেন পুলিশ কর্মকর্তা বাবা