মস্কো, বিবিসি : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হবে না, যদি পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সম্মান করে এবং তার নিরাপত্তা ও স্বার্থকে স্বীকৃতি দেয়। ইউরোপে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কাকে তিনি “নিরেট ভিত্তিহীন” বলে উড়িয়ে দেন।
মস্কোতে সাড়ে চার ঘণ্টাব্যাপী বার্ষিক ‘ডাইরেক্ট লাইন’ টেলিভিশন অনুষ্ঠানে পুতিন বলেন, “আপনারা যদি আমাদের সম্মান করেন, আমাদের স্বার্থকে সম্মান করেন, তাহলে আর কোনো বিশেষ সামরিক অভিযান হবে না।”
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি আবারও দাবি করেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধ শেষ করতে তিনি প্রস্তুত, তবে ইউক্রেনকে রাশিয়ার আংশিক দখলে থাকা চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার প্রচেষ্টা ইউক্রেনকে বন্ধ করতে হবে।
পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের মাধ্যমে রাশিয়ার সাথে প্রতারণা করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইউরোপ যদি চায়, রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত, তবে যুদ্ধ তার লক্ষ্য নয়।
অনুষ্ঠানে পুতিন দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও ভ্যাট বৃদ্ধির বিষয়েও কথা বলেন। এ সময় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়ে ১৬ শতাংশে নামানোর ঘোষণা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ প্রসঙ্গে পুতিন বলেন, আলোচনার জন্য তিনি প্রস্তুত, তবে শান্তি প্রক্রিয়া আটকে রাখছে পশ্চিমা দেশগুলো ও কিয়েভ কর্তৃপক্ষ।




