বিশেষ ফিচার
তানজিনা হাসান মৌ
ভিনিউজ : বাড়িতে টুকটাক কাজ করতে করতে হঠাৎ মনে হলো, পাশের ঘর থেকে একটি জিনিস নিয়ে আসতে হবে। ঘরে ঢোকার পরই থমকে দাঁড়ালেন, কী নিতে এসেছিলেন, সেটাই আর মনে পড়ছে না। এমন অভিজ্ঞতা কমবেশি প্রায় সবারই হয়েছে। অনেকেই মজা করে বলেন, ‘বয়স হয়ে যাচ্ছে’, কেউ আবার মনে করেন স্মৃতিশক্তি বুঝি দুর্বল হয়ে পড়ছে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, সব সময় এর জন্য মস্তিষ্কের স্মৃতিশক্তিকে দায়ী করা ঠিক নয়। বরং এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে আমাদের চারপাশের পরিবেশের পরিবর্তনের।
দীর্ঘদিন ধরে এই ঘটনাকে ‘ডোরওয়ে এফেক্ট’ বলা হয়ে আসছে। ধারণাটি ছিল, একটি দরজার চৌকাঠ পার হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের মনে থাকা আগের চিন্তা বা উদ্দেশ্য সাময়িকভাবে মুছে যেতে পারে। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা মনে করছেন, শুধু দরজা বা চৌকাঠ পার হওয়াটাই এর মূল কারণ নয়। আসল বিষয় হলো, এক পরিবেশ থেকে অন্য পরিবেশে চলে যাওয়ার ফলে মস্তিষ্কের কাজের ধরন সাময়িকভাবে বদলে যায়। এর সঙ্গে যদি মাথায় একাধিক চিন্তা বা মানসিক চাপ থাকে, তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা আরও বাড়তে পারে।
গবেষকদের মতে, আমরা যখন একটি ঘর থেকে অন্য ঘরে যাই, তখন মস্তিষ্ক নতুন পরিবেশকে একটি নতুন ঘটনা বা পর্ব হিসেবে বিবেচনা করে। ফলে কিছুক্ষণ আগে যে বিষয়টি নিয়ে আমরা ভাবছিলাম, সেটি সাময়িকভাবে পেছনে চলে যেতে পারে। অর্থাৎ স্মৃতি পুরোপুরি মুছে যায় না; বরং মুহূর্তের জন্য সেটি মনে করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।
এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী গ্যাব্রিয়েল র্যাডভানস্কি ও তাঁর সহকর্মীরা। ২০০৬ সাল থেকে শুরু হওয়া গবেষণার ধারাবাহিকতায় ২০১০ ও ২০১৬ সালে এ বিষয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়। অস্ট্রেলিয়ার বন্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষকেরাও পরবর্তী পর্যায়ে এই গবেষণার সঙ্গে যুক্ত হন। ২০২৩ সালে এ-সংক্রান্ত আরও একটি গবেষণা প্রকাশিত হয় ‘সাইকোনমিক বুলেটিন’ সাময়িকীতে।
গবেষণায় অংশগ্রহণকারীদের ভার্চুয়াল পরিবেশে এক ঘর থেকে অন্য ঘরে বিভিন্ন বস্তু নিয়ে যেতে বলা হয়েছিল। পরে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা ঠিক কী বস্তু বহন করছিলেন। গবেষণায় দেখা যায়, একটি দরজা পেরিয়ে অন্য ঘরে প্রবেশ করার পর আগের বস্তুটির কথা মনে করার ক্ষেত্রে তাঁদের কিছুটা সমস্যা তৈরি হয়।
গবেষকেরা এর ব্যাখ্যা দিতে ‘ইভেন্ট সেগমেন্টেশন’ বা ঘটনা-বিভাজন তত্ত্বের কথা বলছেন। এই তত্ত্ব অনুযায়ী, মানুষের মস্তিষ্ক জীবনের অভিজ্ঞতাগুলোকে একটানা প্রবাহ হিসেবে না রেখে বিভিন্ন ছোট ছোট পর্বে ভাগ করে সংরক্ষণ করে। পরিবেশে বড় ধরনের পরিবর্তন ঘটলে মস্তিষ্ক একটি পর্বের সমাপ্তি ঘটিয়ে নতুন পর্ব শুরু করে।

সহজভাবে বললে, মস্তিষ্ক যেন আগের কাজের একটি ‘ফাইল’ বন্ধ করে নতুন পরিবেশের জন্য আরেকটি ‘ফাইল’ খুলে দেয়। ফলে আগের ফাইলের তথ্য সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া কিছুটা কঠিন হয়ে যায়। তাই ঘরে ঢুকে কেন এসেছিলেন তা কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাওয়া মানেই স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া নয়।
তবে গবেষকেরা মনে করছেন, শুধু পরিবেশ পরিবর্তন নয়, একই সময়ে যদি মানুষের মাথায় অনেক চিন্তা থাকে, কাজের চাপ থাকে কিংবা মনোযোগ অন্যদিকে চলে যায়, তাহলে এই ধরনের ভুল আরও বেশি হতে পারে। তাই পরের বার ঘরে ঢুকে হঠাৎ কেন এসেছিলেন তা ভুলে গেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সম্ভবত আপনার মস্তিষ্ক তখন শুধু পুরোনো ‘ফাইল’ বন্ধ করে নতুন একটি ‘ফাইল’ খুলছে।




