ভিনিউজ ডেস্ক: পর্দায় কখনো প্রেমিকা, কখনো যোদ্ধার সহধর্মিণী, আবার কখনো শক্তিশালী নারী চরিত্রে দর্শকের মন জয় করেছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দানা। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং মানবিক উদ্যোগের কারণে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। একসঙ্গে ৪০০টি পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। আগামী তিন মাস এসব পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দায়িত্ব নিয়েছেন রশ্মিকা। তার এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের এই উদ্যোগের কথা জানান অভিনেত্রী। সেখানে দেখা যায়, তাঁর সহযোগী দলের সদস্যরা বিভিন্ন পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন। চাল, ডালসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পেয়ে স্বস্তির হাসি ফুটেছে পরিবারগুলোর সদস্যদের মুখে। রশ্মিকার আশা, এই সহায়তার ফলে পরিবারগুলো আগামী তিন মাসের বাজার খরচ থেকে কিছুটা অর্থ সাশ্রয় করতে পারবে। সেই অর্থ ভবিষ্যতের প্রয়োজনে জমিয়ে রাখার সুযোগও তৈরি হবে।
কিন্তু হঠাৎ এমন উদ্যোগ নেওয়ার পেছনে কারণ কী? অভিনেত্রী নিজেই জানিয়েছেন, তার নতুন ছবি ‘রণবলী’-তে অভিনয় করতে গিয়ে এই মানবিক উদ্যোগের অনুপ্রেরণা পেয়েছেন। ছবিতে যোদ্ধা রণবলীর স্ত্রী জয়াম্মার চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের চিন্তাভাবনা ও মানসিকতার কিছু মিল খুঁজে পেয়েছেন রশ্মিকা। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
রশ্মিকার কথায়, অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে তার ব্যক্তিত্বের কোনো মিল রয়েছে কি না। অভিনেত্রীর উত্তর, অবশ্যই রয়েছে। কারণ, তিনি নিজেও সব সময় মানুষের জন্য কিছু করতে ভালোবাসেন। তার বিশ্বাস, মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান দেওয়ার অন্যতম সুন্দর উপায় হলো অসহায় ও প্রয়োজনের সময় থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানো।
এত দিন নিজের এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেননি রশ্মিকা। বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রাখতে চেয়েছিলেন তিনি। তাঁর সহযোগী দলের কয়েকজন সদস্য ছাড়া অন্য কেউ বিষয়টি জানতেন না। তবে এবার নিজের কাজের কথা প্রকাশ করার পেছনেও একটি উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর আশা, এই উদ্যোগের কথা জেনে অন্যরাও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন।
শুধু একবার ৪০০ পরিবারকে সহায়তা করেই থেমে থাকতে চান না রশ্মিকা। তাঁর পরিকল্পনা, আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর নতুন করে ৪০০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করা। অর্থাৎ, প্রতিবার তিন মাসের প্রয়োজনীয় বাজারের খরচ বহন করে পরিবারগুলোর আর্থিক চাপ কিছুটা কমাতে চান তিনি। এতে পরিবারগুলো নিজেদের আয়ের একটি অংশ সঞ্চয়ের সুযোগ পাবে বলে মনে করছেন অভিনেত্রী।
নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে রশ্মিকা বলেছেন, গত কয়েক বছরে কাজের প্রয়োজনে তাকে অনেক রাত জাগতে হয়েছে, শারীরিক চোট ও নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো চোখের জলও সামলাতে হয়েছে। কিন্তু যাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের মুখের হাসি দেখলে সেই সব কষ্টের কথা আর মনে থাকে না। এই মানুষগুলোর আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
এদিকে বিয়ের পর প্রথমবার বড় পর্দায় একসঙ্গে আসতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। তাদের নতুন ছবি ‘রণবলী’ ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে। ছবির প্রচারের আবহে রশ্মিকার এই মানবিক উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পর্দার চরিত্র জয়াম্মা তাকে যে ভাবনায় উদ্বুদ্ধ করেছে, বাস্তবেও সেই ভাবনার প্রতিফলন ঘটাতে চাইছেন অভিনেত্রী। তার এই উদ্যোগের মধ্য দিয়ে বিনোদন জগতের তারকাদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।




