ভিনিউজ ডেস্ক : এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম। শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর এ উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করা হয়। ‘We are the Broiler Generation; We are not insulted, We are awakened’ (আমরা ব্রয়লার প্রজন্ম; আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো অনুসারী যুক্ত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৯ হাজার ফলোয়ার যুক্ত হন এই পেজে।
পেজ কর্তৃপক্ষ এক পোস্টে দাবি করেছে, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো আলাদা পেজ নেই।
উল্লেখ্য, ‘ফার্মের মুরগি’ বিতর্কের সূত্রপাত টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক হোয়াটসঅ্যাপে মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সেই আলাপ অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয়।




