জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার গুঞ্জন সরাসরি নাকচ করেছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন, এ ধরনের প্রচারণার কোনো ভিত্তি নেই এবং এটি সম্পূর্ণ গুজব।
শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। একই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।
তার ভাষ্য অনুযায়ী, এনসিপির পক্ষ থেকে তাকে একাধিকবার দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হলেও তিনি সেটিকে হালকাভাবে নিয়েছেন এবং আলোচনাকে এগিয়ে নেননি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবল বক্তব্য দেওয়ার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনার সঙ্গে আপস করে শুধুমাত্র সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যুক্ত হওয়া তার পক্ষে সম্ভব নয়।




