সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।

এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।

এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

পূর্বের খবরপ্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট
পরবর্তি খবরবাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!