হার না মানতে অনড়: পদত্যাগ প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম সাংবিধানিক রীতি

 

বিশেষ প্রতিবেদন

অভি মৈত্র , কোলকাতা থেকে

ভিনিউজ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভরাডুবি পরাজয়ের পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অনীহা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচনের ফলাফল ‘স্বাভাবিকভাবে হয়নি’, বরং জোরপূর্বক প্রভাবিত করা হয়েছে। এই অবস্থান থেকে তিনি আপাতত পদত্যাগ না করার বিষয়ে আজ সংবাদ সম্মলনে স্পষ্ট করে বলেছেন। । ফলে প্রশ্ন উঠেছে-এমন পরিস্থিতিতে ভারতের সংবিধান বলে, আর বাস্তব রাজনৈতিক প্রক্রিয়ায় কী ঘটতে পারে।

ভারতের সংসদীয় গণতন্ত্রে একটি প্রতিষ্ঠিত রীতি হলো-নির্বাচনের ফলাফল প্রকাশের পর যদি ক্ষমতাসীন সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে মুখ্যমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এটি আইনি বাধ্যবাধকতা না হলেও দীর্ঘদিনের সাংবিধানিক শিষ্টাচার হিসেবে বিবেচিত। এই রীতির উদ্দেশ্য হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করা এবং প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা।
তবে সংবিধানে এমন কোনো স্পষ্ট ধারা নেই, যেখানে বলা আছে যে নির্বাচনে পরাজয়ের পরই মুখ্যমন্ত্রীকে বাধ্যতামূলকভাবে পদত্যাগ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রীর পদ মূলত বিধানসভার আস্থার ওপর নির্ভরশীল। অর্থাৎ, সংখ্যাগরিষ্ঠতার সমর্থন হারালে তাঁর পদে থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে পদত্যাগকে ‘প্রত্যাশিত’ পদক্ষেপ হিসেবে দেখা হয়, কিন্তু তা না করলে সঙ্গে সঙ্গে কোনো সাংবিধানিক ভাবে তার পদ কার্যকর হয় না।

বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ দিক হলো পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ। জানা গেছে, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। এই সময়সীমা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ওই তারিখ অতিক্রম করলেই, তিনি পদত্যাগপত্র দিন বা না দিন, তাঁর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। সংবিধান এখানে একটি বিধান নির্ধারণ করে দিয়েছে-যা প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার একটি মৌলিক কাঠামো।
এ ধরনের পরিস্থিতিতে রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রীকে ‘কেয়ারটেকার’ বা তদারকি প্রধান হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়, যাতে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত প্রশাসনিক কাজকর্মে কোনো বিঘ্ন না ঘটে। পাশাপাশি রাজ্যপাল নতুন সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে আমন্ত্রণ জানাতে পারেন। যদি রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছায়, তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির সুযোগও রয়েছে, যদিও স্বল্প সময়ের জন্য এমন পদক্ষেপ সাধারণত এড়িয়ে চলা হয়।
ভারতের রাজনৈতিক ইতিহাসে এর বিপরীত উদাহরণও রয়েছে। ২০১১ সালের নির্বাচনে পরাজয়ের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুতই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাঁর এই পদক্ষেপকে সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শন হিসেবে দেখা হয়। এমনকি তিনি সরকারি সুবিধা পরিত্যাগ করে দলীয় কার্যালয়ে ফিরে যান-যা রাজনৈতিক শালীনতার একটি দৃষ্টান্ত হয়ে আছে।

অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এই রীতি অনুসরণ করতে বাধ্য নন। তাঁর বক্তব্য, “আমরা হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। তাহলে পদত্যাগ করব কেন?”-এই অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিতবাহী বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আইন বিশেষজ্ঞদের মতে, এই অবস্থায় তাৎক্ষণিক কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা কম। কারণ, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের কার্যকালও স্বাভাবিকভাবেই শেষ হবে। তবে এই সময়ের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কিছুটা ধীরগতি দেখা দিতে পারে।

সব মিলিয়ে, এই পরিস্থিতি সংবিধান ও রাজনৈতিক প্রথার মধ্যকার সূক্ষ্ম পার্থক্যকে সামনে নিয়ে এসেছে। একদিকে সংবিধান স্পষ্টভাবে মেয়াদের সীমা নির্ধারণ করেছে, অন্যদিকে রাজনৈতিক রীতি ও নৈতিকতা একটি সুস্থ গণতান্ত্রিক চর্চার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতে কী প্রভাব ফেলবে এবং ভবিষ্যৎ রাজনীতিতে এর কী প্রতিফলন ঘটবে–তা এখন সময়ই বলে দেবে।

পূর্বের খবরপশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ ৯ মে
পরবর্তি খবরপশ্চিমবঙ্গে তারকাদের ভোটযুদ্ধ: জয়-পরাজয়ে বদলে গেল রাজনৈতিক সমীকরণ