ভিনিউজ ডেস্ক : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করার পর এবার বলিউডে অভিষেকের অপেক্ষায় অভিনেত্রী শ্রীলীলা। অভিনয়, নাচ ও সৌন্দর্যের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা তার একটি ভিডিও নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওটি এখন পর্যন্ত ২৫ কোটি ৮১ লাখের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি এতে পড়েছে ১ কোটি ১১ লাখেরও বেশি লাইক।
শ্রীলীলা নিয়মিতই সামাজিক মাধ্যমে নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন। কখনও ফ্যাশনেবল সাজে, কখনও ঐতিহ্যবাহী পোশাকে, আবার কখনও ব্যক্তিজীবনের নানা মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। তবে সাম্প্রতিক ওই ভিডিওটির জনপ্রিয়তা অন্য সব পোস্টকে ছাড়িয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই এটি বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। ভারতীয় তারকাদের সামাজিক মাধ্যমের জনপ্রিয় পোস্টগুলোর মধ্যেও ভিডিওটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পরিচিত মুখ হয়ে উঠেছেন শ্রীলীলা। মহেশ বাবু, রবি তেজা, আল্লু অর্জুন ও পবন কল্যাণের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। বিশেষ করে মহেশ বাবুর সঙ্গে ‘গুন্টুর কারাম’ সিনেমার ‘কুর্চি মাদাথাপেট্টি’ গানটি শ্রীলীলাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তার নাচের দক্ষতাও দর্শকদের মধ্যে আলাদা করে প্রশংসিত হয়েছে।

২০০১ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রীলীলা ভারতীয় বংশোদ্ভূত। ২০১৯ সালে কন্নড় ভাষার ‘কিস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পেল্লি সান্দাদ’, ‘ধামাকা’, ‘ভগবন্ত কেশরী’ ও ‘এক্সট্রা অর্ডিনারি ম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। অল্প সময়ের মধ্যেই দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন এই অভিনেত্রী।
এবার তার লক্ষ্য বলিউড। ইতোমধ্যে হিন্দি সিনেমার একাধিক চিত্রনাট্য নিয়ে কাজ করছেন শ্রীলীলা। পরিচালক অনুরাগ বসুর একটি সিনেমায় অভিনেতা কার্তিক আরিয়ানের বিপরীতে তাকে দেখা যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি অভিনেতা ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। আরও কয়েকটি প্রকল্প নিয়েও আলোচনা চলছে।
বলিউডে পা রাখার আগে নিজেকে প্রস্তুত করছেন শ্রীলীলা। হিন্দি সিনেমার দর্শকদের রুচি ও চলচ্চিত্রের ধরন বুঝতে নব্বই ও দুই হাজার দশকের জনপ্রিয় সিনেমাগুলো দেখছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি একাধিক চিত্রনাট্য পড়ছেন তিনি। নৃত্যে তার দক্ষতা বলিউডের গান ও নাচনির্ভর চরিত্রে বাড়তি সুবিধা দেবে বলেও মনে করা হচ্ছে।
দক্ষিণী সিনেমায় নিজের পরিচিতি তৈরির পর সামাজিক মাধ্যমেও যে শ্রীলীলার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে, ২৫ কোটি ৮১ লাখ ভিউ পাওয়া ভিডিওটি তারই বড় প্রমাণ। এখন দেখার বিষয়, পর্দার জনপ্রিয়তাকে সঙ্গে নিয়ে বলিউডেও তিনি কতটা সাড়া ফেলতে পারেন।




