প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদের বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের ধারা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১০ নভেম্বর) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে বাদী হিসেবে রিট পিটিশন দাখিল করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তিনি সোমবার রিটের পক্ষে নিজেই শুনানি করেন।

গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি প্রাইমারি স্কুলে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তীতে গত ২ নভেম্বর প্রাইমারি স্কুলে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক নিয়োগের প্রবিধান বাতিল করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।

পূর্বের খবর
পরবর্তি খবরHC questions legality of scrapping music, physical education teacher posts