পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১০, অভিযোগ তালেবান প্রশাসনের

 

ভিনিউজ : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে কমপক্ষে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। এমন অভিযোগ করেছে তালেবান প্রশাসন। নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে ও চারজন মেয়ে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার তালেবান প্রশাসনের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় সময় মধ্যরাতে (১৯:৩০ জিএমটি) খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এ হামলা চালানো হয়।

তিনি এক্স-এ দেয়া পোস্টে লিখেছেন, ‌পাকিস্তান স্থানীয় বাসিন্দা ক্বাজি মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা বর্ষণ করেছে। এতে তার বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং ৯ শিশু ও এক নারী নিহত হন।

মুজাহিদ আরও জানান, খোস্ত ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে পাকিস্তানের চালানো অন্য বিমান হামলায় অন্তত চারজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

পূর্বের খবরআবহাওয়া : বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’
পরবর্তি খবরএকাত্তরের গণহত্যায় জড়িত দলেরও বিচার চাই: নাসীরুদ্দীন পাটওয়ারী