তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকল্প নেই জানিয়ে তরুণদের এই খাতে এগিয়ে আসতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইউরোপের অনেক দেশ এ খাতের বিকাশের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা এবং দক্ষ জনবলের সংকট এ খাতের বিকাশে বড় বাধা। সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

এসএমই খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এ নীতিমালার মূল লক্ষ্য বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব ও এক্সপোর্টিং গেটওয়ে হিসেবে গড়ে তোলা।

তিনি জানান, দেশের অর্থনীতিতে এসএমই শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ খাতে নতুন করে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু দেশের অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। রপ্তানিমুখী উৎপাদনের সঙ্গে এ খাতকে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাজারে নিজের অবস্থান তৈরি করেছে। এখন অন্যান্য সম্ভাবনাময় শিল্প খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সুযোগ তৈরি করতে হবে।

ইতালির শিল্প বিকাশের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট কিছু পণ্যের জন্য পরিচিত। এভাবে শিল্পভিত্তিক ক্লাস্টার গড়ে তোলার মাধ্যমে ইতালি শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, বিদেশেও বাংলাদেশের পণ্যমেলার আয়োজন করতে চায় সরকার। সেখানে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণের সুযোগ পাবেন। আন্তর্জাতিক ব্যবসায়িক পরিসরে বাংলাদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিকায়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা কমাতেও সরকার কাজ করছে। সরকারের প্রত্যাশা, দেশের এসএমই খাতের উৎপাদিত পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নেবে।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে ছুটে সময় পার করার চেয়ে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। তরুণদের এসএমই খাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী চার বছরে দেশের প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা তৈরি করা হবে। এ কর্মসূচির আওতায় নতুন করে ২৫ হাজার উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

পূর্বের খবররাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
পরবর্তি খবরব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!