টানা তৃতীয় রাতে ইরানে মার্কিন হামলা, হরমুজে ট্যাংকারে আঘাত তেহরানের

টানা তৃতীয় রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা হ্রাস করতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে, হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি সুপারট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এতে ওই ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ইস্টার্ন টাইম রাত ১০টা ১৫ মিনিটে পাঁচ ঘণ্টার এই অভিযান সম্পন্ন হয়। মার্কিন বাহিনী বুশেহর, চাবাহার, জাস্ক, কোনারাক, আবু মুসা এবং বন্দর আব্বাসের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। মূলত ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সাইট এবং সামুদ্রিক সক্ষমতা ধ্বংস করতে নির্ভুল যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এদিকে আইআরজিসি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে দাবি করেছে, তারা দুটি ‘দুর্বৃত্ত সুপারট্যাংকার’ অকেজো করে দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ট্যাংকার দুটি নিজেদের নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে ইরানি কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে একটি ‘মাইনযুক্ত পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে বিবৃতিতে আইআরজিসি ট্যাংকারগুলোর নাম বা হামলার সময় নির্দিষ্ট করে উল্লেখ করেনি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ওমানের আঞ্চলিক জলসীমায় থাকা অবস্থায় তাদের আল-বাহিয়া এবং মোম্বাসা নামের দুটি ট্যাংকার ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ‘মোম্বাসা’ ট্যাংকারে থাকা এক ভারতীয় ক্রু সদস্য নিহত হয়েছেন।

সূত্র: সিএনএন  

পূর্বের খবরআল জাজিরার প্রতিবেদন – প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ
পরবর্তি খবরমেয়র প্রার্থী হতে শিবির ছাড়লেন সাদিক কায়েম, জকসু ভিপিরও বিদায়
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!