ইরানে সর্বশেষ দফার সামরিক অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার এক বিবৃতিতে তারা এ দাবি করে। খবর আলজাজিরার।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এছাড়া হরমুজ প্রণালিতে এবং এর আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। তাদের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেন্টকম আরও দাবি করেছে, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
তবে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। এ ঘটনায় বাহরাইনসহ বিভিন্ন আরব দেশ ইরানকে নিন্দা জানিয়ে বার্তা দিয়েছে।




