ভিনিউজ ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে রবিবার ভোরে ইরানে হামলা করেছে আমেরিকা। এর পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।প্রধানমন্ত্রী মোদি রবিবার নিজেই ‘এক্স’-এ এই তথ্য দিয়েছেন।
মোদি এই প্রসঙ্গে লেখেন, “ইরানের রাষ্ট্রপতি পেজেস্কিয়ানের সঙ্গে কথা হয়েছে। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা কমানো, আলোচনা এবং কূটনৈতিক সমাধানের জন্য আবেদন জানাচ্ছি। সেই সঙ্গে দ্রুত শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীল হোক পরিস্থিতি এই দাবি জানিয়েছি।”
এই সময়ে পেজেস্কিয়ান মোদিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। এই আলোচনা ৪৫ মিনিট ধরে চলে। তিনি ভারতকে বন্ধু বলে সম্বোধন করে এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য ভারতের ভূমিকারও প্রশংসা করেন।




