বলিউড : দৈনিক না মাসিক? শাহরুখ থেকে দীপিকা—বলিউড তারকাদের দেহরক্ষীরা কত পারিশ্রমিক পান, কী কী বাড়তি সুবিধা মেলে

 

ভিনিউজ : বলিউড তারকাদের নিরাপত্তায় নিয়োজিত দেহরক্ষীদের আয়-রোজগার নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দাবি করা হয়, জনপ্রিয় তারকাদের দেহরক্ষীরা বছরে কোটি কোটি টাকা পারিশ্রমিক পান। বাস্তবে এই খাতের আয়, সুযোগ-সুবিধা ও কর্মপদ্ধতি সম্পর্কে সাম্প্রতিক সময়ে উঠে এসেছে নানা তথ্য, যা বলিউডের চাকচিক্যময় জগতের একটি ভিন্ন চিত্র তুলে ধরে।
একসময় বলিউড তারকাদের নিরাপত্তার দায়িত্ব মূলত বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার মাধ্যমে পরিচালিত হতো। এসব সংস্থায় একেকটিতে ৫০ থেকে ৬০ জন পর্যন্ত কর্মী থাকতেন। তাঁদের দায়িত্ব ছিল প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা। সে সময় নিরাপত্তাকর্মীরা নির্দিষ্ট মাসিক বেতন পেলেও যাতায়াত ভাড়া বা অন্যান্য সুবিধা খুব একটা পেতেন না। বর্তমানে সেই পদ্ধতিতে বড় পরিবর্তন এসেছে। এখন অধিকাংশ তারকা সরাসরি নিজেদের পছন্দের নিরাপত্তারক্ষী নিয়োগ করেন। ফলে পারিশ্রমিক বেড়েছে, পাশাপাশি বেড়েছে বিভিন্ন অতিরিক্ত সুবিধাও।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দীর্ঘদিনের দেহরক্ষী জালাউদ্দিন শেখ বছরে প্রায় ১ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিক পান বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। অনুষ্কা শর্মার দেহরক্ষী প্রকাশ সিং, যিনি সোনু নামে পরিচিত, বহু বছর ধরে অভিনেত্রী ও তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে দেশ-বিদেশে সফর করে থাকেন।

দেহরক্ষীদের প্রসঙ্গে সবচেয়ে পরিচিত নাম সালমান খানের নিরাপত্তারক্ষী শেরা। তিনি প্রায় তিন দশক ধরে সালমনের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন। নিজের নিরাপত্তা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত সালমনের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তাঁর পারিশ্রমিকও কয়েক কোটি রুপির কাছাকাছি বলে জানা যায়।
তবে এ খাতে কর্মরতদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অঙ্ক প্রচার করা হয়, তার অনেকটাই অতিরঞ্জিত। বড় তারকাদের দেহরক্ষীরা তুলনামূলক বেশি আয় করলেও সবাই কোটি টাকা পান না। তাঁদের নির্দিষ্ট মাসিক বেতন থাকে, আর চলচ্চিত্রের শুটিং, প্রচারণা বা বিশেষ অনুষ্ঠানে অংশ নিলে আলাদা সম্মানী দেওয়া হয়। এই অতিরিক্ত পারিশ্রমিক সাধারণত ২৫ হাজার থেকে ১ লাখ রুপির মধ্যে হয়ে থাকে।
কিছু নিরাপত্তারক্ষী মাসিক বেতনের বদলে দৈনিক বা অনুষ্ঠানভিত্তিক পারিশ্রমিক নিতে বেশি আগ্রহী। কারণ একটি বড় অনুষ্ঠানেই তারা ১ লাখ থেকে দেড় লাখ রুপি পর্যন্ত আয় করতে পারেন। সে তুলনায় মাসিক বেতনভিত্তিক চাকরি তাঁদের কাছে কম লাভজনক বলে মনে হয়।
শুধু বেতন বা সম্মানী নয়, অনেক তারকা তাঁদের নিরাপত্তারক্ষীদের ব্যক্তিগত জীবনেও সহায়তা করেন। চিকিৎসা ব্যয়, বাড়িভাড়া, এমনকি সন্তানদের শিক্ষার খরচও অনেক সময় বহন করেন। এতে দেহরক্ষী ও তারকার মধ্যে পেশাগত সম্পর্কের পাশাপাশি পারিবারিক ঘনিষ্ঠতাও গড়ে ওঠে।
সব মিলিয়ে বলিউড তারকাদের দেহরক্ষীদের জীবন কেবল নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে সীমাবদ্ধ নয়। দীর্ঘ কর্মঘণ্টা, নিবিড় দায়িত্ববোধ, নির্ভরযোগ্যতা এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে ওঠা এই পেশায় রয়েছে আকর্ষণীয় আয়, বাড়তি সুবিধা এবং তারকাদের কাছ থেকে বিশেষ সহায়তা পাওয়ার সুযোগ।

পূর্বের খবরআবহাওয়া : আরো ৪ দিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি
পরবর্তি খবরআপাতত শপথ নিতে পারছেন না আসলাম চৌধুরী ও সারোয়ার আলম
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!