জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার। একনেক সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। সচিবালয়ে অনুষ্ঠেয় সভায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫-(দক্ষিণ) প্রকল্পসহ মোট ১৫ প্রকল্প অনুমোদন হতে পারে। পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানিসম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের এই প্রকল্পগুলো একনেক বৈঠকে উপস্থাপন করা হবে।
পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ সূত্রে জানা গেছে, উপস্থাপনের জন্য তালিকাভুক্ত প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো বিভাগের প্রকল্প রয়েছে আটটি। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মোট তিনটি প্রকল্প রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মেট্রো লাইন-৫ (দক্ষিণ) প্রকল্প।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায় ও খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের জন্য আবাসিক ও অন্যান্য সুবিধা নির্মাণ প্রকল্প একনেকে উঠছে। স্থানীয় সরকার বিভাগের খুলনা ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী, রেলপথ মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর বৈদ্যুতিক ট্রেন প্রকল্প ও বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন প্রকল্পও অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন উন্নয়নে মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পের প্রথম অংশও অনুমোদনের জন্য উঠবে। ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও রয়েছে এ তালিকায়। এ প্রকল্পের আওতায় তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ করা হবে।
এর বাইরে পরিকল্পনামন্ত্রীর নিজস্ব এখতিয়ারে আগেই অনুমোদন হওয়া ১৫টি প্রকল্প একনেক সভায় অবগতির জন্য উপস্থাপন করা হবে। বিদ্যমান নিয়ম অনুসারে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের প্রকল্পে একনেকের অনুমোদন প্রয়োজন হয় না। এই প্রকল্পগুলো হচ্ছে ভাসানচরে সবুজ বেষ্টনী স্থাপন, কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনঃবনায়ন, অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন, ঝুঁকিপূর্ণ সেতু প্রতিস্থাপন, শিক্ষা ও সামরিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক সুরক্ষা জোরদার ও সিলেট বিভাগের ডিজিটাল উচ্চতা মডেল তৈরির প্রকল্প।




