সারাদেশে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে মৌলিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নত সুযোগ-সুবিধা শুধু ঢাকাকেন্দ্রিক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে উন্নত চিকিৎসাসেবা ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোরেলের নিচের খালি জায়গা, বিশেষ করে মিরপুর-১২ থেকে ডিওএইচএস পর্যন্ত এলাকা এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট অংশের নিচেও বৃক্ষরোপণ করা হবে।

এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এ কর্মসূচিতে আর্থিক সহায়তার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে টিকাদান ও প্রাতিষ্ঠানিক ডেলিভারিকেও কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পূর্বের খবরওপেক ও ওপেক প্লাস জোট ছাড়ল সংযুক্ত আরব আমিরাত
পরবর্তি খবরলিটারে ৪ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম