সংসদে রুমিন ফারহানা: লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা

 

ভিনিউজ : গ্রামে প্রায় ১৪ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে জানিয়ে সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিনে সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন। রুমিন বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্প নগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎকেন্দ্র, চালকল, মিল, ফ্যাক্টরি, বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘এলপিজি ১ হাজার ৯৪০ টাকা সিলিন্ডার বলে বটে, তবে ২ হাজার ২০০ টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি, তাহলে বলতে হয়, ঢাকা শহরে ১-২ ঘণ্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের সত্যিকার অর্থে চুলা জ্বালানোর মতো জ্বালানি নেই।’

তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু দেশের অন্যান্য সব এলাকায় যায়, আমার দাবি থাকবে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে।’
তিতাস গ্যাস ক্ষেত্রে ৩১ নম্বর কূপের খনন কার্যক্রম চলছে। আশা করা হচ্ছে, সেখান থেকে প্রতিদিন ৯ মিলিয়ন ঘন ফুট গ্যাস পাওয়া যাবে। এই কূপের গ্যাস প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে দেওয়ার দাবি জানান রুমিন ফারহানা।

পূর্বের খবরশান্তর সেঞ্চুরির পর মোস্তাফিজের ফাইফার, সিরিজ জিতলো বাংলাদেশ
পরবর্তি খবরহরমুজ প্রণালিতে উত্তেজনা: মাইন অপসারণে ছয় মাস লাগতে পারে, অনিশ্চয়তায় বৈশ্বিক জ্বালানি বাজার