রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার নোটিশ, ২৮ আগস্টের মধ্যে জবাব চেয়েছে লোকসভা

 

ভিনিউজ ডেস্ক

ভিনিউজ : ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের অভিযোগে নোটিশ জারি করেছে লোকসভা সচিবালয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সংসদে করা মন্তব্যের জেরে বিজেপি সাংসদদের করা অভিযোগের ভিত্তিতে এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে রাহুল গান্ধীকে আগামী ২৮ আগস্টের মধ্যে তাঁর বক্তব্য বা লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। গত ৩০ জুলাই বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রাহুলের বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের অভিযোগটি জমা দেন।

অভিযোগের সূত্রপাত পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ নিয়ে লোকসভায় বিতর্কের সময়। বিজেপির অভিযোগ, ওই বিতর্কে রাহুল গান্ধী অমিত শাহকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন, যা সংসদের রীতি অনুযায়ী অসংসদীয় এবং গুরুতর অভিযোগের পর্যায়ে পড়ে।

বিজেপি সাংসদদের দাবি, অমিত শাহের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলার আগে লোকসভার কার্যপ্রণালি ও আচরণবিধির ৩৫৩ নম্বর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আগাম নোটিশ দেওয়া হয়নি। সেই কারণেই বিষয়টিকে বিশেষাধিকার ভঙ্গ হিসেবে দেখছে বিজেপি।

লোকসভা সচিবালয়ের নোটিশে রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়ে তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব পাওয়ার পর বিষয়টি পরবর্তী পর্যায়ে যাবে।

ভারতের সংসদে কোনো সদস্যের বক্তব্য সংসদীয় বিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সদস্যের কাছে ব্যাখ্যা চাওয়া এবং প্রয়োজন হলে বিষয়টি বিশেষাধিকার কমিটির কাছে পাঠানোর বিধান রয়েছে। ফলে রাহুল গান্ধীর জবাবের পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন ভারতের সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে একাধিক ইস্যুতে রাজনৈতিক উত্তাপ অব্যাহত রয়েছে। অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে নতুন করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্কও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।

পূর্বের খবররানির মুকুটে নতুন পালক, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট
পরবর্তি খবরবাংলাদেশে আল-কায়েদার সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!