যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

 

ভিনিউজ ডেস্ক

ইরান ঘোষণা দিয়েছে যে তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিচ্ছে। তেহরানের দাবি, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এবং যুদ্ধ বন্ধে প্রস্তাবিত সমঝোতার প্রথম ধাপ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নেই এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আজ সুইজারল্যান্ডে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স । অপরদিকে তেহরান থেকেও একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে।

মধ্যস্থতাকারীরা আশা করছেন, প্রাথমিক সমঝোতা অনুযায়ী নির্ধারিত ৬০ দিনের সময়সীমার মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

অন্যদিকে, লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ এর মধ্যে চলমান সংঘর্ষ কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। শুক্রবার ঘোষিত নতুন যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় আজ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার ছিল চলমান সংঘাতের অন্যতম ভয়াবহ দিন। ওই দিন ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হন। একই সময়ে হিজবুল্লাহর হামলায় চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননের অনেক নাগরিক নতুন যুদ্ধবিরতি টিকবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আবারও ব্যর্থ করে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি সরবরাহ এই নৌপথের ওপর নির্ভরশীল।

-সিএনএন

পূর্বের খবরট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বললেন মেলোনি : সম্পর্কে নতুন টানাপোড়েন
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!