মঞ্চসারথি আতাউর রহমান মারা গেছেন

দেশের নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান আর নেই। সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গভীর শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু বলেন, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের সবার প্রিয় অভিভাবক মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮ মে) নিজ বাসায় আকস্মিকভাবে পড়ে গিয়ে গুরুতর আহত হন আতাউর রহমান। এরপর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে আইসিইউ সাপোর্টের পরামর্শ দেন।

সংশ্লিষ্ট হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় তাকে দ্রুত ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। মাঝে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সাময়িকভাবে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও গত রোববার (১০ মে) পুনরায় অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার মধ্যরাতে না ফেরার দেশে চলে যান এই গুণী শিল্পী।

আতাউর রহমান কেবল একজন অভিনেতাই ছিলেন না, বাংলাদেশের মঞ্চনাটক আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সৃজনশীল নাট্যচর্চায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নাট্যনির্দেশনা ও অভিনয়ের জন্য তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তার সহকর্মী, অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।

পূর্বের খবরবিবিসি প্রতিবেদন: সোশাল মিডিয়া কীভাবে চলচ্চিত্র তারকা ভিজয়কে রাজনৈতিক শক্তিতে পরিণত করল
পরবর্তি খবরপশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার
error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
Copy link
URL has been copied successfully!