ভিনিউজ : আগামী বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার থেকে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে কল-কারখানায়, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিক-কর্মচারীদের ছুটি আজ থেকেই শুরু হয়েছে।
ভোটের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও আছে। ফলে টানা কয়েকদিনের এই ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে যেতে দেখা যাচ্ছে অনেক মানুষকে।
বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ কেউ যেমন ভোট দিতে নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন, কেউ আবার নিজের এলাকার বাইরে অন্য কোনো এলাকায় যাচ্ছেন ঘুরতে। যদিও কোনো নির্বাচনী এলাকায় সেখানকার ভোটার বা বাসিন্দা ছাড়া অন্য কারো অবস্থানের বিষয়ে নিষেধাজ্ঞা আছে, তারপরও তারা ঘুরতে যাওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, বাস কাউন্টারগুলোয় ও রাস্তায় যেমন মানুষের চাপ দেখা গেছে, তেমনি যানবাহন সংকটের অভিযোগও করছেন কেউ কেউ।
পরিবহন শ্রমিকদের কয়েকজন বলছেন, সরকারের উদ্যোগে বাস রিকুইজিশন করায় রাস্তায় বাসের সংখ্যা কম, ফলে যাত্রীদের কিছুটা সংকটে পড়তে হচ্ছে।
আবার ভোটগ্রহণ উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল এবং বুধবার রাত ১২টা থেকে সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একারণেও আগেভাগেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন অনেকে।
মোটরসাইকেল চলাচল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এবং অন্য যানবাহনগুলোর চলাচল ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।




